ইংরেজি শেখার জন্য বিবিসি জানালার অডিও সিডি
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের ইংরেজি শিক্ষার আসর বিবিসি জানালার অডিও সিডি বাজারে আসছে। রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অডিও প্রতিষ্ঠান জি-সিরিজ প্রকাশিত এই অডিও সিডিতে সাময়িকী, ওয়েব ও সংবাদপত্রে প্রকাশিত বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের ইংরেজি শিক্ষার আসর বিবিসি জানালার ইংরেজি শেখার লেসন থাকছে। এর মাধ্যমে মানুষ ঘরে বসে ইংরেজি শিখতে পারবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের হেড অব প্রজেক্ট ইংলিশ ইন অ্যাকশন কেট রিড, একই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ব্যবস্থাপক (মোবাইল ও অনলাইন সেবা) আশরাফুজ্জামান ও অডিও প্রতিষ্ঠান জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভুঁইয়া।বিবিসি জানালাকে লক্ষাধিক মানুষের ইংরেজি শিক্ষার একমাত্র মাধ্যম হিসেবে বর্ণনা করে কেট রিড বলেন, বিবিসি জানালা বাংলাদেশে ইংরেজি শিক্ষা ও ডিজিটাল প্রযুক্তির উন্মেষে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। উদ্যোগটি ইতিমধ্যেই ৩৪ লাখ মানুষের কাছে পৌঁছে গেছে।