ইংরেজিতে ভর্তি বহালের দাবিতে অবস্থান ধর্মঘট, আত্মাহুতির হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে ২০১০-১১ শিক্ষাবর্ষে ইংরেজি বিষয়ে ভর্তি বহালের দাবিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে গতকাল বুধবার দুপুরে মানববন্ধন এবং প্রধান ফটকের সামনে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেছেন অর্ধশতাধিক শিক্ষার্থী।জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্য আন্দোলনকারী শিক্ষার্থীদের কয়েকজন প্রতিনিধিকে নিয়ে বেলা পৌনে একটার দিকে আলোচনায় বসেন। ঘণ্টাব্যাপী ওই আলোচনায় শিক্ষার্থীরা ইংরেজি বিষয় ছেড়ে অন্য বিষয়ে ভর্তির ব্যাপারে জোরালো আপত্তি তোলেন। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী একাডেমিক কাউন্সিলে আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে শিক্ষার্থীরা আত্মাহুতি দেবেন বলে হুমকি দেন।আন্দোলনরত শিক্ষার্থীরা প্রথম আলোকে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেড় বছর আগে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছাড়পত্রের (রিলিজ স্লিপ) মাধ্যমে তাঁরা ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই সব শিক্ষার্থীকে ইংরেজি বিষয় বাদ দিয়ে পছন্দ অনুযায়ী অন্য বিষয়ে ভর্তির জন্য সম্প্রতি নির্দেশ দেয়। কিন্তু এক বছর পড়াশোনার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তনে রাজি নন। ইংরেজি বিষয়ে ভর্তি বহাল রাখতে তাঁরা আন্দোলন করছেন।তেজগাঁও কলেজের ইংরেজি বিষয়ে ভর্তি হওয়া লরা অ্যাডবিনা গোমেজ বলেন, ‘এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছি। সম্মান শ্রেণীতে ভর্তির সময় “ইলিজিবল সাবজেক্ট” তালিকায় ইংরেজি ছিল বলেই ভর্তি হয়েছি। এই ভর্তি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে আমি আত্মাহুতি দেব।’উপাচার্য কাজী শহীদুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী, ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ১২ এবং বিজ্ঞানে ১০ নম্বরের কম পেলে কোনো শিক্ষার্থী সম্মান শ্রেণীতে ইংরেজি বিষয়ে ভর্তির অযোগ্য বিবেচিত হবেন। এ ব্যাপারে কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হলেও অযোগ্য শিক্ষার্থীদের ভর্তি করা হয়েছে। ইংরেজি বিষয়ে ভর্তি হওয়া এসব শিক্ষার্থীকে অনেকেই ভর্তি পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বরের চেয়ে অনেক কম নম্বর পেয়েছেন। তার পরও একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী, তাঁদের অন্য বিষয়ে ভর্তির সুযোগ দেওয়া হয়। সহ-উপাচার্য তোফায়েল আহমদ চৌধুরী এ ব্যাপারে দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি ভর্তির পরপরই ধরা পড়লে এ ভোগান্তি হতো না। নিয়ম লঙ্ঘন না করে ওই সব শিক্ষার্থীর জন্য অন্য বিষয়ে ভর্তির সুযোগ প্রদান, বর্ষোত্তীর্ণ পরীক্ষার প্রস্তুতির সময় বৃদ্ধি এবং প্রয়োজনে আলাদাভাবে পরীক্ষা গ্রহণেরও সুযোগ দেওয়া হবে।