রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের কলা অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ফল বিপর্যয়ের পর পাস নম্বর কমিয়ে আনা হচ্ছে। ৩০-এর মধ্যে পাস নম্বর ২২-এর পরিবর্তে কমিয়ে ১৮ বা ১৬ করা হতে পারে বলে অনুষদ সূত্রে জানা গেছে। এ বছর কলা অনুষদভুক্ত ইংরেজি বিভাগে ভর্তির জন্য পরীক্ষায় ইংরেজিতে ৩০-এর মধ্যে ২২ নম্বর পাওয়ার শর্ত নির্ধারণ করা হয়েছিল। আর এই শর্তের কারণে এবার ইংরেজি বিভাগে ভর্তির জন্য যোগ্য বিবেচিত হয়েছিলেন মাত্র ২৫ জন। ফলে ইংরেজি বিভাগের আসন পূরণ নিয়ে বিপাকে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কলা অনুষদ সূত্রে জানা যায়, এবার ‘এ’ ইউনিটে ভর্তি ফরম উত্তোলন করেছিলেন ২১ হাজার ১৬৮ জন শিক্ষার্থী। গত বৃহস্পতিবার ওই ইউনিটের ১৩০টি প্রশ্নে ১০০ নম্বরের নৈর্ব্যত্তিক পরীক্ষা দুই পালায় গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন আবদুল হাই তালুকদার বলেন, ‘গত সোমবার ভর্তি পরীক্ষা উপকমিটির সভায় ইংরেজিতে ভর্তির জন্য নির্ধারিত পাস নম্বর কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন আমরা ফলাফল বিশ্লেষণ করে দেখছি, কত নম্বর কমাতে হবে।’