ইংরেজির পাঁচ পত্রে মোট নম্বর শূন্য, বিস্মিত পরীক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবার ইংরেজিতে মাস্টার্স পরীক্ষা দিয়েছিলেন আবু তালেব আজাদ। এ বিষয়ে তিনি ইংরেজি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পত্রের পরীক্ষা দেন। কিন্তু পরীক্ষার ফলাফলে তাঁকে সব পত্রে শূন্য দেখানো হয়েছে। ফলে তাঁর মোট নম্বর দেখানো হয়েছে শূন্য। এ ফলাফলে আবু তালেব আজাদ বিস্মিত হয়েছেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে তিনি লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আবু তালেব আজাদ লালমনিরহাট শহরের খোর্দ্দ সাপটানা পান্থনিবাসের বাসিন্দা। তিনি রংপুর কারমাইকেল কলেজের ২০১১-২০১২ একাডেমিক সেশনের মাস্টার্সের শিক্ষার্থী।
ওই জিডি সূত্রে জানা গেছে, আবু তালেব আজাদের নিবন্ধন নম্বর ১১৩১১৮০৭২৬৭। তিনি মে মাসে রংপুর আরসিসি কলেজ কেন্দ্রে ইংরেজির পাঁচটি পত্রের পরীক্ষা দেন। সম্প্রতি মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে ফলাফল অনুসন্ধান করে দেখতে পান, তাঁর মোট প্রাপ্ত নম্বর ঘরে শূন্য, ফলাফলের ঘরে কিছুই লেখা নেই, বিষয় কোড ও বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর ঘরও ফাঁকা।
এ ব্যাপারে আবু তালেব আজাদ বলেন, ‘প্রকাশিত ওই ফলাফল আমাকে বিস্মিত, হতাশ ও ক্ষুব্ধ করার পাশাপাশি তথ্য জানার অধিকার বঞ্চিত করেছে। এ ধরনের বিভ্রান্তিকর ও অস্পষ্ট ফলাফল কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল প্রস্তুত ও প্রকাশের সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, তাঁরা কোনোভাবেই এ দায়ভার এড়াতে পারেন না।’
এক প্রশ্নের জবাবে আবু তালেব আজাদ বলেন, ‘আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের খামখেয়ালি কাজের বিষয়ে অনেকেই অবহিত আছি। এ ঘটনায় আমি শান্তিপূর্ণ প্রতিবাদের অংশ হিসেবে থানায় জিডি করেছি, যাতে সংশ্লিষ্টদের বোধোদয় হয় বা এমন ঘটনা আর না ঘটে। আমি আমার পরীক্ষার প্রকৃত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখতে চাই।’
এ ব্যাপারে রংপুর কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের প্রধান আবদুর রাজ্জাক গতকাল রাত সাড়ে সাতটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আবু তালেব আজাদ তাঁর এ ফলাফলের বিষয়টি আমাকে জানিয়েছেন। কিন্তু কেন এ ধরনের ঘটনা ঘটল, তা বুঝতে পারছি না।’