সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি বিভাগের প্রধান মো. আতীউল্লাহকে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় গতকাল শনিবার দুপুরে এ সিদ্ধান্ত হয়। এ পরিপ্রেক্ষিতে ওই বিভাগের আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ রোববার থেকে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আবদুর রহিমকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইংরেজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। মো. আতীউল্লাহকে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহামঞ্চদ ইশফাকুল হোসেন। সিন্ডিকেট সভার ওই সিদ্ধান্তে ইংরেজি বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীরা আনন্দ-উল্লাস প্রকাশ করেন।সিন্ডিকেট সূত্র জানায়, বিভাগীয় প্রধানের অপসারণের দাবিতে ইংরেজি বিভাগে চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে গতকাল সকালে জরুরি সভা আহ্বান করা হয়। সভা শুরুর আগ মুহূর্তে উপাচার্য বরাবর একটি আবেদনপত্র পাঠান মো. আতীউল্লাহ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে ইংরেজি বিভাগের প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভাগের শিক্ষার্থীদের অভিযোগসহ সার্বিক পরিস্থিতি পূর্ণাঙ্গ তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান মুহমঞ্চদ জাফর ইকবালকে ওই কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিকে ১৭ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।