ইংরেজির প্রশ্নও 'ফাঁস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গতকাল রোববারের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রও ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে। ‘ফাঁস’ হওয়া প্রশ্নপত্র গতকাল অনুষ্ঠিত পরীক্ষার মূল প্রশ্নপত্রের সঙ্গে মিলে গেছে বলে একাধিক অভিভাবক অভিযোগ করেছেন।
আজ সোমবার অনুষ্ঠেয় বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষার প্রশ্নপত্রও ‘ফাঁস’ হয়েছে বলে জানা গেছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তাও মনে করেন প্রশ্ন ফাঁস হচ্ছে। তবে তাঁরা নাম প্রকাশ করে কিছু বলতে রাজি হননি।
মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৬ লাখেরও বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর পাশাপাশি দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে চরম অস্থিতিশীলতা। এ অবস্থায় পরীক্ষার বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না তারা।
জানতে চাইলে সচিব কাজী আখতার হোসেন প্রথম আলোকে বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
একাধিক অভিভাবক প্রথম আলোয় ফোন করে ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে যদি শিশু বয়সে শিক্ষার্থীদের মধ্যে ‘খারাপ’ একটি বিষয় মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এর পরিণাম আরও ভয়াবহ হবে। এ জন্য তাঁরা এখনই এর প্রতিকার চান। তাঁরা বলেন, ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নের ৯০ শতাংশ পর্যন্ত মিলে যাচ্ছে।
তবে প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি প্রথম আলোকে বলেন, একশ্রেণীর অভিভাবকই অতি উৎসাহী হয়ে ‘ফাঁস’ হওয়া প্রশ্ন তাঁদের সন্তানদের কাছে সরবরাহ করছেন।
শিক্ষক ও অভিভাবকদের সূত্রমতে, ২০ নভেম্বর গণিত বিষয়ের পরীক্ষা দিয়ে শুরু হয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। কিন্তু শুরুর দিন থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় প্রশ্নপত্র ফাঁস হয় বলে অভিযোগ ওঠে। প্রথম দিনে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দিনাজপুরে একটি কোচিং সেন্টারের পরিচালক ও সাতক্ষীরায় চার তরুণকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এর পরের পরীক্ষাতেও প্রশ্নপত্র ‘ফাঁস’ হয় বলে অভিযোগ ওঠে। এই অবস্থায় গত শনিবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তদন্ত কমিটি গঠনের কথা জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেছে ময়মনসিংহে অবস্থিত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)।