ইংরেজির ভুলে ভরা প্রশ্নপত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত মাধ্যমিক এবং প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলের ষাণ্মাষিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্রে ভুলের অভিযোগ পাওয়া গেছে।
প্রশ্নপত্র যাচাই করে দেখা যায়, অষ্টম শ্রেণির ইংরেজি প্রথম পত্রের ৪ নম্বর প্রশ্নে একটি ছকে এলোমেলোভাবে কয়েকটি তথ্য দেওয়া হয়েছে। সেগুলো দিয়ে সঠিক বাক্য সাজিয়ে নিতে বলা হয়েছে। এতে বাংলাদেশের ভাষা আন্দোলনের সময় উল্লেখ করা হয়, ‘২১ ফেব্রুয়ারি ১৭৫২’। বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় ‘১৭ এপ্রিল ১৯১৭’।
এ রকম তথ্যগত ভুল ছাড়াও ওই প্রশ্নে বেশ কয়েকটি শব্দের বানান, বাক্য গঠন এবং ব্যাকরণগত ভুল রয়েছে। প্রশ্নের প্রথম দিকে একটি প্যাসেজে ‘different’-এর জায়গায় লেখা হয়েছে fifferent. ৩ নম্বর প্রশ্নের প্যাসেজে result-এর জায়গায় লেখা হয়েছে resuld. ৭ নম্বর প্রশ্নে কয়েকটি এলোমেলো বাক্য দেওয়া হয়েছে এবং সেগুলো সাজিয়ে নিতে বলা হয়েছে। কিন্তু প্রশ্নে বলা হয়েছে, ‘রি-অ্যারেঞ্জ দি ফলোয়িং সেনটেনস (সেনটেনসেস হবে) ইন কারেক্ট অর্ডার। ৯ নম্বর প্রশ্নের একটি অংশে much-এর জায়গায় ছাপা হয়েছে mutch, ১২ নম্বর প্রশ্নে city-এর জায়গায় citty এবং ceremony-এর জায়গায় ceremoney ছাপা হয়েছে। অষ্টম শ্রেণির ইংরেজি দ্বিতীয় পত্র এবং চতুর্থ শ্রেণির ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে এ রকম অনেক ভুলের অভিযোগ পাওয়া গেছে।
এসব বিদ্যালয়ে অষ্টম ও চতুর্থ শ্রেণির ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা যথাক্রমে গত ১১ ও ১২ জুন অনুষ্ঠিত হয়। সিটি করপোরেশনের ৪৫টি মাধ্যমিক বিদ্যালয় এবং আটটি প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়।
কাতালগঞ্জ এলাকার বাসিন্দা অভিভাবক শাহিনুল ইসলাম অভিযোগ করেন, ‘প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ইংরেজি প্রশ্নপত্রে এতগুলো ভুল মেনে নেওয়া যায় না। একে শুধু ছাপার ভুল বলা যায় না। এখানে প্রশ্ন প্রণয়নকারী সংশ্লিষ্ট শিক্ষকের অজ্ঞতা ও অমনোযোগিতাকে এড়িয়ে যাওয়ার উপায় নেই। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ছেলেমেয়েরা। এর দায় কে নেবে?’
প্রশ্নপত্রে ভুলের ব্যাপারে জানতে চাইলে করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা অধ্যাপক মুহাম্মদ শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব, যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো ভুল না হয়।’