ইংরেজিসহ চার বিষয়ে কোনো শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকসংকটের কারণে বরগুনা সরকারি মহিলা কলেজের শিক্ষা কার্যক্রম মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। কলেজে ৩২ জন শিক্ষকের জায়গায় কর্মরত আছেন মাত্র ১৩ জন। এর মধ্যে ইংরেজি, ব্যবস্থাপনা, সমাজকল্যাণ, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে কোনো শিক্ষকই নেই।১৯৮৪ সালে বরগুনা শহরের চরকলোনি এলাকায় নারীশিক্ষা প্রসারের জন্য স্থানীয় শিক্ষানুরাগীরা এ কলেজটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার ১৩ বছর পর ১৯৯৭ সালে কলেজটি জাতীয়করণ করা হয়। জাতীয়করণের পর থেকেই কলেজটিতে শিক্ষাকার্যক্রমে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় শিক্ষকসংকট। কলেজ প্রশাসন জানায়, এই কলেজে শিক্ষকের ৩২টি পদের মধ্যে ১৯ জন শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। এর মধ্যে সমাজকল্যাণে একটি পদের অনুকূলে কোনো শিক্ষক নেই। ব্যবস্থাপনার চারটি পদের চারটি, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে একটি করে পদের অনুকূলে দীর্ঘদিন কোনো শিক্ষক নেই। ইংরেজি বিভাগে দুজন শিক্ষকের স্থলে এত দিন একজন শিক্ষক কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি চাকরি ছেড়ে দিয়েছেন।এ ছাড়া রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একজন এবং মার্কেটিং বিভাগে দুজন, অর্থনীতিতে দুজন, ইসলামের ইতিহাসে একজন, ইসলামি শিক্ষায় একজন, ইতিহাসে একজন এবং হিসাববিজ্ঞানে একজন শিক্ষকের পদসহ ১৯টি পদ শূন্য রয়েছে। শিক্ষার্থীরা জানান, শিক্ষকস্বল্পতার কারণে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিন দু-তিনটির বেশি ক্লাস পাচ্ছে না শিক্ষার্থীরা। ফলে শিক্ষাবর্ষ শেষ হলেও তারা পাঠ্যক্রম অনুযায়ী কোর্স শেষ করতে পারেনি। শিক্ষকস্বল্পতার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক না থাকায় এ কলেজে ভর্তি হয়ে ভোগান্তির শিকার হচ্ছে বলে জানায় শিক্ষার্থীরা। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সোনিয়া আক্তার বলে, ‘প্রথম বর্ষ শেষ হয়ে গেলেও আমরা একাদশ শ্রেণীর কোর্স শেষ করতে পারিনি। শিক্ষকসংকটের কারণে সিলেবাস শেষ করা সম্ভব হচ্ছে না। এ নিয়ে খুব মানসিক চাপের মধ্যে আছি আমরা।’ শিক্ষার্থী মার্জিয়া আক্তার জানায়, শিক্ষকসংকটের পাশাপাশি শ্রেণীকক্ষের অভাবে ছোট ছোট কক্ষে গাদাগাদি করে তাদের ক্লাস করতে হচ্ছে। কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে জানান, শিক্ষকসংকট এখন এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে পরিস্থিতি আমাদের সাধ্যের সম্পূর্ণ বাইরে চলে গেছে। ইংরেজি বিষয়ে একজন মাত্র শিক্ষক এত দিন ছিলেন, তিনিও চাকরি ছেড়ে চলে যাওয়ায় চরম বিপাকে পড়েছি আমরা। কলেজটি প্রতিষ্ঠার পর ১৯৯৯ সালে ৫৪ আসনের তিনতলা একটি ছাত্রীনিবাস নির্মাণ করা হলেও সেখানে স্থানসংকুলান হচ্ছে না। বর্তমানে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ শিক্ষার্থী গাদাগাদি করে বসবাস করছে। এ ব্যাপারে বরগুনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন বলেন, ‘শিক্ষক, আবাসন, শ্রেণীকক্ষসংকটের কারণে কলেজের শিক্ষাকার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষকসংকটের কারণে কর্মরত শিক্ষকদের প্রতিদিন সাত-আটটি পর্যন্ত অতিরিক্ত ক্লাস নিতে হচ্ছে। এসব সংকটের বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। তারা এসব সংকট সমাধানের আশ্বাস দিলেও কোনো ফল হচ্ছে না।’