ইংরেজিসহ ছয় বিষয়ের শিক্ষক নেই, পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক-সংকটে ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ইংরেজিসহ ছয়টি বিষয়ের পাঠদান ব্যাহত হচ্ছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংরেজি বিষয়ে দীর্ঘ তিন বছর ধরে শিক্ষকই নেই। এ ছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে কোনো শিক্ষক না থাকায় ছাত্রীদের পড়াশোনায়ও ব্যাঘাত ঘটছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বিদ্যালয়ে সাড়ে চার শ শিক্ষার্থী আছে। তাদের সবার ইংরেজি বিষয়টি আবশ্যিক। এখানে ইংরেজি বিষয়ের শিক্ষকের দুটি পদই শূন্য। বাংলা বিষয়ের শিক্ষক দিয়ে চলছে ইংরেজি বিষয়ের পাঠদান।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে ভৌতবিজ্ঞান, হিসাববিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, শারীরিক শিক্ষা, কৃষি শিক্ষা বিষয়ে একজন করে শিক্ষক থাকার কথা থাকলেও প্রতিটি পদ শূন্য। গণিত বিষয়ে দুজন শিক্ষকের পদ থাকলেও আছেন একজন। বাংলা বিষয়ের শিক্ষকের দুটি পদের বিপরীতে আছেন তিনজন। জীববিজ্ঞান বিষয়ের একজন শিক্ষকের পদ থাকলেও সেখানে দুজন রয়েছেন। প্রধান শিক্ষক না থাকায় কর্মমুখী বিষয়ের জ্যেষ্ঠ শিক্ষক খন্দকার মো. জসিম উদ্দিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত সোমবার বিদ্যালয়ে গিয়ে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় ভালোভাবে পড়াশোনা হচ্ছে না। যে কৌশলে বিষয়ভিত্তিক শিক্ষকেরা পড়াতেন, অন্য বিষয়ের শিক্ষকেরা সেভাবে পড়াতে পারছেন না। এতে করে তাদের অনেক ক্ষতি হচ্ছে। ব্যবসায় শিক্ষা বিভাগের কোনো শিক্ষক না থাকায় পড়াশোনা ভালো হচ্ছে না।
কসবা টি আলী কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. আলমগীর ওসমান ভূইয়া বলেন, বিষয়ভিত্তিক শিক্ষক ছাড়া অন্য বিষয়ের শিক্ষক পাঠদান করলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়।
প্রধান শিক্ষক খন্দকার মো. জসিম উদ্দিন বলেন, বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ নয়টি পদ শূন্য রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম বলেন, ওই বিদ্যালয়ের শিক্ষক-সংকটের বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।