ইংরেজিসহ তিন বিষয়ে শিক্ষক নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজে প্রায় দুই বছর ধরে ইংরেজি, ব্যবস্থাপনা ও উদ্ভিদবিদ্যার শিক্ষক নেই। অতিথি শিক্ষক দিয়ে ইংরেজির ক্লাস নেওয়া হয় নামমাত্র। এ কারণে গত এইচএসসি পরীক্ষায় কলেজটির ২৫০ জনের বেশি শিক্ষার্থী ফেল করেছে ইংরেজিতে । কলেজ সূত্রে জানা গেছে, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত কলেজটি জাতীয়করণ করা হয় ১৯৮৬ সালে। কিন্তু সরকারি হওয়ার সময় কলেজে শিক্ষকের বিষয়ভিত্তিক পর্যাপ্ত পদ সৃষ্টি না করায় বর্তমানে শিক্ষকসংকট প্রকট হয়ে উঠেছে। সরকারি হওয়ার আগ পর্যন্ত শিক্ষকের কোনো সংকট ছিল না। সরকারি হওয়ার পর বেশির ভাগ সময়ই শিক্ষকসংকট থাকায় উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ে স্বাভাবিক শ্রেণীকার্য চালু রাখা যায় না।সূত্র জানায়, অধ্যক্ষের পদ ছাড়া কলেজটিতে শিক্ষকের সৃষ্ট পদের সংখ্যা মাত্র ১৮টি। এর মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র ১২ জন। ইংরেজি ও উদ্ভিদবিদ্যার একটি করে পদ হলেও পদ দুটি প্রায় দুই বছর ধরে শূন্য পড়ে আছে। এ ছাড়া বাংলার দুটির মধ্যে একটি, দর্শনের দুটির মধ্যে একটি, হিসাববিজ্ঞানের দুটির মধ্যে একটি ও অর্থনীতির দুটির মধ্যে একটি পদ প্রায় এক বছর ধরে শূন্য পড়ে আছে।দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ইংরেজি একটি আবশ্যিক বিষয়। অথচ গুরুত্বপূর্ণ এই বিষয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক নেই! এটা ভাবতেও অবাক লাগে।’ কলেজ সূত্র জানায়, গত বছর কলেজটি থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৭৬০ জন ছাত্রছাত্রী। এর মধ্যে ফেল করে ২৮০ জন, যাদের প্রায় ৯৫ ভাগই ফেল করে ইংরেজিতে। ইংরেজি পড়ানোর জন্য অতিথি শিক্ষক হিসেবে স্নাতকোত্তর-পড়ুয়া এক ছাত্রকে অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মাঝেমধ্যে এসে সামর্থ্য অনুযায়ী শিক্ষার্থীদের ক্লাস নেন। কিন্তু তা যথেষ্ট না হওয়ায় স্থায়ী শিক্ষক নিয়োগ দেওয়া জরুরি হয়ে পড়েছে।অধ্যক্ষ ড. মুহমঞ্চদ ছায়েফ উল্লাহ বলেন, ‘শিক্ষকসংকটের কারণে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর পাঠদান দুরূহ হয়ে পড়েছে। শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য স্থানীয় সাংসদ, যোগাযোগ ও রেলমন্ত্রীর সুপারিশসহ বেশ কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো কাজ হয়নি।’