শিক্ষকের সংকটের কারণে ফেনীর পরশুরাম সরকারি কলেজে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এখানে শিক্ষকের ২১টি পদ থাকলেও কর্মরত আছেন ছয়জন। তাঁদের মধ্যে অধ্যক্ষ ও সহকারী অধ্যক্ষ কোনো ক্লাস নেন না। বাকি চারজন শিক্ষক উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ের ৮০০ শিক্ষার্থীর পাঠদান করতে হিমশিম খাচ্ছেন। তবে শিক্ষক না থাকায় ইংরেজি, গণিতসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে চার-পাঁচ মাস ধরে কোনো ক্লাস হচ্ছে না। কলেজ সূত্রে জানা গেছে, দেশে সরকারি কলেজগুলোতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তারা প্রভাষক হিসেবে যোগ দেন। ফেনীর পরশুরাম সরকারি কলেজটি প্রত্যন্ত এলাকায় হওয়ায় এখানে এসে অনেকেই থাকতে চান না। আধুনিক জীবন যাপনের সুযোগ না থাকায় তাঁরা দ্রুত বদলি হয়ে চলে যান। এ কারণে এখানে শিক্ষকের সংকট প্রকট।কলেজের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭২ সালের ১ জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। এখানে সহকারী অধ্যাপকের তিনটি ও প্রভাষকের ১৮টি পদ আছে। এর বিপরীতে অধ্যক্ষ পদে অধ্যাপক সুভাষ চন্দ্র দে ও উপাধ্যক্ষ পদে সহযোগী অধ্যাপক প্রমোদ কুমার নাথ কর্মরত আছেন। প্রভাষকের ১৮টি পদের বিপরীতে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও রসায়ন বিষয়ে একজন করে প্রভাষক আছেন। ইংরেজি, অর্থনীতি, দর্শন, ইতিহাস, ইসলামের ইতিহাস, ব্যবস্থাপনা, গণিত, পদার্থবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান বিষয়ে পাঠদান করার মতো কোনো শিক্ষক এখানে নেই। চার-পাঁচ মাস ধরে এ অবস্থা চলছে। ক্লাস না হওয়ায় অনেক শিক্ষার্থী কলেজে আসা বন্ধ করে দিয়েছে।কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র দে জানান, শিক্ষকসংকটের বিষয়টি তিনি বেশ কয়েকবার শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের লিখিতভাবে জানিয়েছেন।