ইংলিশ ইন অ্যাকশন মেলা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আনন্দে শিখি ইংরেজি’ স্লোগান নিয়ে দেশব্যাপী চলছে ইংলিশ ইন অ্যাকশন মেলা। চলতি মাসের প্রথম সপ্তাহে শুরু হওয়া এ মেলা কয়েক মাস ধরে পর্যায়ক্রমে দেশের ৭০টি উপজেলায় চলবে। বিভিন্ন খেলা, মুঠোফোন ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে সহজবোধ্য ভাষায় শিক্ষা-পদ্ধতির মাধ্যমে ইংরেজি শিক্ষার প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়িয়ে তোলাই মেলার উদ্দেশ্য। এসবের মাধ্যমে পদ্ধতি ও কৌশলগুলো সবার মধ্যে পৌঁছে দেওয়া হবে। ৪ জুন নবাবগঞ্জ ও সুনামগঞ্জ থেকে মেলার সূচনা হয়। এরই মধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন উপজেলায় আয়োজিত মেলাগুলোতে শিক্ষার্থী, শিক্ষকসহ প্রায় ৬০ হাজার বিভিন্ন বয়সের মানুষ অংশ নিয়েছে। মেলায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ীসহ সব বয়সের ছেলেমেয়েদের জন্য আকর্ষণীয় তথ্য, শিক্ষা ও বিনোদনমূলক বুথ থাকছে। এতে ইংলিশ ইন অ্যাকশনের ক্লাসরুম, বিবিসি জানালার লেসন, বই, অডিওর মাধ্যমে ইংরেজির সঙ্গে পরিচিত হচ্ছে সবাই। ইংলিশ ইন অ্যাকশন হচ্ছে নয় বছর মেয়াদি ইংরেজি ভাষা শিক্ষা কার্যক্রম। এটি যুক্তরাজ্যের আন্তর্জাতিক সংস্থার (ডিএফআইডি) অর্থায়নে বাংলাদেশ ও যুক্তরাজ্য সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে। কার্যক্রমের লক্ষ্য হচ্ছে, সহজে ইংরেজি ভাষা শেখানোর মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে ভূমিকা রাখা।