ইংলিশ ভার্সন বিলুপ্ত করা উচিত
জাতীয় শিক্ষানীতিতে ইংরেজি মাধ্যম রাখার সমালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, ইংলিশ ভার্সন চালু করা সম্পূর্ণ অনুচিত। এটা অবিলম্বে বিলুপ্ত করা উচিত। গতকাল শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৬ নিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
আবুল কাশেম ফজলুল হক বলেন, ‘যারা তাদের বিদেশি নাগরিক বানাতে চায়, তাদের জন্য তো ব্রিটিশ সরকার এ-লেভেল কিংবা ও-লেভেল চালু করেছে। দ্বৈত নাগরিক বা বিদেশি নাগরিক দ্বারা বাংলাদেশ গড়ে উঠবে না।’
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি নাঈমা খালেদের সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী প্রমুখ।