ইংলিশ মিডিয়াম স্কুলের হিসাবরক্ষণ কর্মকর্তাকে শ্বাসরোধে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি ইংলিশ মিডিয়াম স্কুলের হিসাবরক্ষণ কর্মকর্তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুরে ফতুল্লার ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকা থেকে ফ্ল্যাটের দরজা ভেঙে রাশেদুল হক (৫৬) নামের ওই কর্মকর্তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন জানান, নিহত রাশেদুল হক শহরের উত্তর চাষাঢ়া এলাকার এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন। তিনি ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকায় মহিবুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর স্ত্রী ও সন্তানেরা ঢাকায় বসবাস করেন। তবে তাদের সঙ্গে রাশেদুল হকের যোগাযোগ কম। গতকাল শনিবার সকাল থেকে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল। দুপুর ১২টার দিকে কাজের বুয়া ডাকাডাকি করার পরও দরজা না খোলায় খবর দিলে পুলিশ গিয়ে দরজা খুলে বিছানার ওপর থেকে রাশেদুল হকের লাশ উদ্ধার করে। তাঁর গলায় রশি বাঁধা ছিল।ধারণা করা হচ্ছে, তাঁকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বিছানার ওপর কিছু ভাঙা চুড়ি ও মাথার ক্লিপ পাওয়া গেছে। তবে হত্যার বিষয়টি ভিন্ন দিকে ধাবিত করার জন্য দুর্বৃত্তরা এসব রেখে যেতে পারে বলে ওসি জানান। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রাশেদুল হক চুয়াডাঙ্গা জেলার কুতুবপুর গ্রামের দাউদ বিশ্বাসের ছেলে। এ ঘটনায় তাঁর ছেলে কাউসার আহমেদ বাদী হয়ে মামলা করেছেন।