ইংল্যান্ড ক্রিকেটারদের নিরাপত্তায় সমস্যা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরকালে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল বুধবার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে এক আলোচনা সভায় বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ইংল্যান্ড দলের ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্রিকেট আমাদের দেশে জনপ্রিয় একটি খেলা। সারা বিশ্বে ক্রিকেটের মাধ্যমে আমাদের পরিচিতি বেড়েছে। শুধু ছেলেরা নয়, আমাদের মেয়েরাও ভালো করছে। এ ক্ষেত্রে ইংল্যান্ডসহ যেকোনো দলের নিরাপত্তা দিতে আমাদের কোনো সমস্যা হবে না। পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘আমাদের দেশের মাটিতে এর আগেও বেশ কয়েকটি বড় টুর্নামেন্ট হয়েছে। সেখানে নিরাপত্তায় আমরা দক্ষতার পরিচয় দিয়েছি। এবারও পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করবেন। আশা করি কোনো সমস্যা হবে না।’

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যাকাণ্ড সম্পর্কে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কে অর্থায়ন করেছে, কে অস্ত্র দিয়েছে, আপনারা সবই জানেন। এ ঘটনায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। দু-একজন পালিয়ে বেড়াচ্ছে, তাদেরও গ্রেপ্তার করা হবে।

বিশ্ব অ্যালঝেইমারস দিবস উপলক্ষে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল এবং অ্যালঝেইমারস সোসাইটি অব বাংলাদেশ যৌথভাবে আলোচনা সভাটির আয়োজন করে।