ই–অরেঞ্জের ২ মালিক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ই–অরেঞ্জ নামের একটি ই–কমার্স প্রতিষ্ঠানের এক লাখ গ্রাহকের ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলায় দুই মালিক সোনিয়া মেহজাবিন ও তাঁর স্বামী মাসুকুর রহমান আত্মসমর্পণ করলে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ মঙ্গলবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মামুনুর রশীদ।

ই–অরেঞ্জ নামের একটি প্রতিষ্ঠানের ১ লাখ গ্রাহকের ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনিয়া মেহজাবিন, তাঁর স্বামী মাসুকুর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন তাহেরুল ইসলাম নামের একজন গ্রাহক।

আরও পড়ুন

মামলার বাদী তাহেরুল ইসলাম প্রথম আলোর কাছে দাবি করেন, ই–অরেঞ্জ নামের প্রতিষ্ঠানের কাছে তাঁর পাওনা ১৭ লাখ টাকা। তাঁর মতো আরও প্রায় ১ লাখ গ্রাহক পণ্য কেনার অর্ডার দিয়েও পণ্য পাচ্ছেন না। বারবার ই–অরেঞ্জের অফিসে গিয়ে পণ্য দেওয়ার জন্য অনুরোধ করলেও প্রতিষ্ঠানটি সাড়া দেয়নি।

তবে আসামিপক্ষের আইনজীবী মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, তাঁর মক্কেল সোনিয়া মেহজাবিন ও তাঁর স্বামী মাসুকুর রহমান আগে ই–অরেঞ্জের মালিক ছিলেন। গত জানুয়ারি মাস থেকে তাঁরা এই প্রতিষ্ঠানের মালিক নন। তারপরও তাঁদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।