ইইউ পরিস্থিতি পর্যালোচনা করে পর্যবেক্ষক পাঠাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত উইলিয়াম হানা।
উইলিয়াম হানা গতকাল বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সিইসির সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর ইইউর রাষ্ট্রদূত বলেন, পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে কী করতে হবে এবং এর কৌশলগত বিষয়গুলো নিয়ে সিইসির সঙ্গে কথা হয়েছে। ইইউ এখনো পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি নির্ভর করছে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির ওপর।
উইলিয়াম হানা আরও বলেন, ‘আমরা সিইসিকে আরও বলেছি, আমরা এমন একটি নির্বাচন চাই, যা হবে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও সবার অংশগ্রহণমূলক।
২০০৭ সালেও এ ধরনের পরিস্থিতিতে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ না করার সিদ্ধান্ত নিয়েছিল। সেবার ২২ জানুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল ইসি। আওয়ামী লীগ মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ৮ জানুয়ারি নির্বাচন বর্জন করে। তার আগে ৬ জানুয়ারি ইইউ জানিয়ে দিয়েছিল, গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা না পেলে তারা নির্বাচন পর্যবেক্ষণ করবে না। ইসি সচিবালয় সূত্র জানায়, নিবন্ধিত বেশির ভাগ পর্যবেক্ষক সংস্থা এবারের নির্বাচন পর্যবেক্ষণের জন্য নাম অন্তর্ভুক্ত করেনি।