ইইউ পর্যবেক্ষক না এলেও নির্বাচনের গ্রহণযোগ্যতার প্রশ্ন উঠবে না: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কোনো পর্যবেক্ষক না পাঠালেও নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সিলেট-১ (মহানগর-সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন দাখিল করতে আজ রোববার সিলেট পৌঁছে তিনি এ মন্তব্য করেন।

আজ বেলা তিনটায় অর্থমন্ত্রী সিলেট পৌঁছেন। সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর প্রথম সিলেটে আসেন তিনি। কাল সোমবার বেলা ১১টার দিকে দশম জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। নির্বাচনী বিধি অনুযায়ী অর্থমন্ত্রী পতাকা ছাড়াই চলাচল করেন। হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কোনো পর্যবেক্ষক না পাঠালেও নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না। কোনো খারাপ প্রভাবও পড়বে না। আগে তো পর্যবেক্ষক ছিলই না। তা ছাড়া আমাদের নির্বাচন অত্যন্ত ফেয়ার হবে।’

নির্বাচন বিতর্কিত হয়েছে খালেদা জিয়ার আমলে—এ অভিযোগ করে অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের অধীনে নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনে জালিয়াতি যা হয়েছে তা বেগম খালেদা জিয়াদের অধীনেই হয়েছে। আওয়ামী লীগ কোনো নির্বাচনে জালিয়াতি করেনি।’