ইইউ পার্লামেন্টের বক্তব্য সরকার ও সংসদের প্রতি সম্মানজনক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের মন্তব্য বাংলাদেশের নির্বাচিত সরকার ও সংসদের প্রতি সম্মানজনক নয়। এটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।
গতকাল সোমবার দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি সংলাপের কথা বলেছে।
এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেছেন, প্রকৃত গণতান্ত্রিক শক্তির সঙ্গে সংলাপ চলে। কিন্তু গণতন্ত্রের মুখোশ পরা জঙ্গিবাদী, মৌলবাদী ও উগ্রবাদী শক্তির পৃষ্ঠপোষকদের সঙ্গে সংলাপ কোনো সুফল বয়ে আনে না।
তথ্যমন্ত্রী বলেন, সরকার ২৪ ঘণ্টা জেগে আছে। জেগে আছে বলেই বিএনপি-জামায়াতের ৯৩ দিনের আগুন-সন্ত্রাস বন্ধ করতে পেরেছে। হেফাজতের তাণ্ডব মোকাবিলা করতে পেরেছে। ৫ জানুয়ারির নির্বাচন সম্পন্ন করতে পেরেছে। তিনি বলেন, এখনকার গুপ্তহত্যা ধীরস্থিরভাবে বন্ধের চেষ্টা চলছে। সরকারের গায়ে হাত দিতে না পেরে তারা সাধারণ নাগরিকদের গায়ে হাত দিচ্ছে। এ জন্য সরকার দুঃখিত। কিন্তু কেউ পার পাবে না।
মন্ত্রী নিজের নাম উল্লেখ করে বলেন, তাঁকেও যদি হত্যা করা হয়, তাহলেও কেউ পার পাবে না। তাঁকে কাফনের কাপড় পাঠানো সম্পর্কে তিনি বলেন, ‘জীবনে বহুবার মৃত্যুর মুখোমুখি হয়েছি। মৃত্যুকে ভয় পাই না।’