ইইউ প্রতি বর্গ কিলোমিটারেই নিরাপত্তা চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু ঢাকার গুলশান-বনানী-বারিধারায় নয়, সারা বাংলাদেশে এবং প্রতি বর্গকিলোমিটারেই বিদেশিদের জন্য নিরাপত্তা চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
সচিবালয়ে গতকাল রোববার অনুষ্ঠিত বাংলাদেশ-ইইউ বিজনেস কাউন্সিলের ‘বাংলাদেশ ব্যবসায় পরিবেশ সংলাপ’ শেষে ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু এ নিরাপত্তার দাবি জানান। বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গি হামলা, বিদেশিদের অবস্থান, নিরাপত্তা পরিস্থিতি ইত্যাদি নিয়ে আলোচনা হয়।
বৈঠকের পর পিয়েরে মায়াদু সাংবাদিকদের বলেন, ‘গুলশান ও তারপরের শোলাকিয়ার মতো ঘটনাগুলো আমাদের উদ্বিগ্ন করেছে। শুধু ঢাকায় নয়, দরকার এখন সারা দেশেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা। দরকার প্রতি বর্গকিলোমিটারেই নিরাপত্তা দেওয়া। কারণ, আমরা বেসরকারি খাতের সঙ্গে ব্যবসা করি। বিভিন্ন উন্নয়নমূলক কাজও রয়েছে আমাদের।’ মায়াদু আরও বলেন, এ দেশের ১৬ কোটি মানুষ নিরাপদ
বোধ করলে বিদেশিরাও নিরাপদ বোধ করবেন।
মায়াদুর ব্রিফিংয়ের আগে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তাঁর বক্তব্যে বলেন, হলি আর্টিজানের ঘটনার পর স্বাভাবিকভাবেই বিদেশি ক্রেতাদের মনে উদ্বেগ আসতে পারে। তবে ঘটনাগুলোর পর সরকারি পদক্ষেপগুলোতে তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন।
বৈঠকে ঢাকায় নিযুক্ত সুইডেন, স্পেন ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত; ব্রিটিশ হাইকমিশনার; ইতালি ও জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স; ডেনমার্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলরসহ ১৬ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুনসহ বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।
কাউন্সিলের বৈঠক শেষে ইইউ প্রতিনিধিদের উপস্থিতিতেই কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘হলি আর্টিজানে বিদেশিদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে জঙ্গিরা। বাংলাদেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতেই এ ঘটনা। তবে বাংলাদেশে যাঁরা ব্যবসা করছেন, সবার আগে তাঁদের নিরাপত্তার দিকটি আমরা দেখব। প্রয়োজনে তাঁদের এসকর্ট (নিরাপত্তা সহচর) দেব।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিদেশি ব্যবসায়ী ও কূটনীতিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এর ফলে পরিস্থিতি এখন প্রায় স্বাভাবিক। আশা করছি, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না।’
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বিদেশি ব্যবসায়ী, কূটনীতিক বা মধ্যস্থতাকারীরা নিরাপদে থাকবেন এবং স্বাভাবিকভাবেই তাঁদের কাজকর্ম করতে পারবেন।
ইইউর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি ও ব্যবসায়িক সমস্যা সমাধানে গঠিত তিন সচিব এবং পাঁচ রাষ্ট্রদূতের (থ্রি প্লাস ফাইভ) সমন্বয়ে গঠিত কমিটি ১৮ আগস্ট সভা করবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।