ইইউ প্রতিনিধি দলের কান্তজিউ মন্দির পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়নভুক্ত পাঁচটি দেশের রাষ্ট্রদূত গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শন করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রাষ্ট্রদূতদের সঙ্গে নিয়ে সকালে কান্তজিউ মন্দির প্রাঙ্গণে পৌঁছান। সেখানে তাঁদের স্বাগত জানান দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট অমলেন্দু ভৌমিকসহ বিশিষ্টজনেরা।

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন পিয়েরে মায়াদুঁ রাষ্ট্রদূত দলের নেতৃত্ব দেন। অন্য সদস্যরা হলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা, জার্মানির রাষ্ট্রদূত থমাস হেনরিখ প্রিনজ, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেটা কুলেনিয়ার, ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক ও ডেনমার্কের রাষ্ট্রদূত মাইকেল হেমনিটি উইনথার। অ্যালিসন ব্লেক বলেন, ‘আমরা সরেজমিনে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড দেখছি।’ লিওনি মার্গারেটা কুলেনিয়ার বলেন, ‘গতকাল (বুধবার) কমিউনিটি ক্লিনিক দেখলাম। আজ (বৃহস্পতিবার) ইতিহাস ও ঐতিহ্যবাহী টেরাকোটা মন্দির ও মসজিদ দেখলাম।’

কান্তজিউ মন্দির প্রাঙ্গণে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের বলেন, উত্তরাঞ্চলের কৃষি, শিল্প ও পূরাকীর্তি দেখে রাষ্ট্রদূতেরা মুগ্ধ। তাঁরা গ্রামীণ জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেছেন।