ইইউ প্রতিনিধিদের উত্তরা ইপিজেড পরিদর্শন
উত্তরাঞ্চলের চারটি জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে গতকাল বুধবার নীলফামারীর উত্তরা ইপিজেড ও দিনাজপুরের দুটি প্রতিষ্ঠান পরিদর্শন করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল।
‘ভিজিট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় সফরে যাওয়া এই প্রতিনিধিদলে আছেন বাংলাদেশে নিযুক্ত ইইউভুক্ত ছয়টি দেশের রাষ্ট্রদূতেরা। এই দলের নেতৃত্বে আছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ হেড অব ডেলিগেশন পিয়েরে মায়াদু। দলের অন্য সদস্যরা হলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা, জার্মানির টমাস প্রিনজ, নেদারল্যান্ডসের লিওনি মার্গারেটা কুলেনিয়ার, ডেনমার্কের মাইকেল হেমনিটি উইনথার এবং ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক ও হাইকমিশনারের চিফ প্রটোকল অফিসার এ কে এম ফজলুল হক।
গতকাল সকালে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রাষ্ট্রদূতদের সঙ্গে নিয়ে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সড়কপথে নীলফামারী জেলার উত্তরা ইপিজেডে যান। তাঁরা সেখানে এক মতবিনিময় সভায় অংশ নেন। ইপিজেডের প্রতিনিধিরা শ্রমিকদের সুযোগ-সুবিধা, নিরাপত্তাসহ ইপিজেডের সার্বিক অবস্থা সম্পর্কে প্রতিনিধিদলকে জানান। সেখানকার বাণিজ্যবান্ধব পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে বাংলাদেশের সঙ্গে চলমান বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন ইইউ প্রতিনিধিরা। পরে প্রতিনিধিদলের সদস্যরা ইপিজেডের চামড়া ও চামড়াজাত পণ্য, ব্যাগ ও বেল্ট তৈরির কারখানা পরিদর্শন করেন।
উত্তরা ইপিজেড পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি দুপুরে দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদে যায়। উপজেলা পরিষদে তারা স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে। পরে সেখান থেকে খানসামা উপজেলার হকেরহাট কমিউনিটি ক্লিনিক এবং দিনাজপুর সদর উপজেলার মাশিমপুর গ্রামের বেদানা লিচুবাগান ও পর্যটনকেন্দ্র ঐতিহাসিক রামসাগর দীঘি পরিদর্শন করেন প্রতিনিধিরা। সফরের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার সকালে তাঁরা দিনাজপুরের কান্তজিউ মন্দির ও পঞ্চগড়ের চা-বাগান পরিদর্শন করবেন।