ইইউকে জয়ের ধিক্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সজীব ওয়াজেদ জয়
সজীব ওয়াজেদ জয়

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনীতিকেরা বিজয় দিবসের অনুষ্ঠান বর্জনের মাধ্যমে জামায়াতিদের পক্ষ নিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। গতকাল শুক্রবার মধ্যরাতে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন। একই সঙ্গে তিনি যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়ায় ইইউর প্রতি ধিক্কার জানান।

জয় তাঁর লেখায় বলেন, পাকিস্তানের সংসদ মিরপুরের কসাই কাদের মোল্লার ফাঁসির শাস্তির ব্যাপারে নিন্দা প্রস্তাব পাস করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সব বাঙালি এ ধরনের প্রস্তাব পাসে ক্ষুব্ধ ও এর নিন্দা জানিয়েছেন। তবে এ ব্যাপারে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া কিছু না বলায় জয় এর তীব্র নিন্দা জানান। তাঁর অভিযোগ, বিরোধীদলীয় নেতা বাংলাদেশের বিপক্ষে গিয়ে জামায়াত ও পাকিস্তানের দোসর হয়েছেন।

ইইউর ব্যাপারে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘ইইউ এ ক্ষেত্রে পক্ষ অবলম্বন করেছে। তারা আমাদের বিজয় দিবসের অনুষ্ঠান বর্জন করেছে। এটা জাতি হিসেবে আমাদের জন্য অপমানজনক। বিজয় দিবস আওয়ামী লীগ-বিএনপির বিষয় নয়, এটা আমাদের বাংলাদেশ ও কষ্টার্জিত স্বাধীনতার বিষয়। একজন বাঙালি হিসেবে আমি ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের ওপর ক্ষুব্ধ। বিজয় দিবসের অনুষ্ঠান বর্জনের মাধ্যমে ইইউ জামায়াতিদের পক্ষ নিয়েছে।’ তিনি আরও বলেন, ‘তাদের আজকের বিবৃতিতে বোঝা যায়, তারা আবার বিএনপি-জামায়াতের পক্ষ নিচ্ছে। আমরা বিরোধী দলকে নির্বাচনে আনতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। কিন্তু বিএনপি জামায়াতকে ছাড়া নির্বাচনে অংশ নেবে না। জামায়াতের পক্ষ নিয়ে ইইউ এখন দাবি করছে, এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না।’

ইইউর ভূমিকার নিন্দা জানিয়ে জয় বলেন, ‘শুধুই বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে পারে যে নির্বাচন গ্রহণযোগ্য হচ্ছে, কি হচ্ছে না; বিদেশিরা নয়। আমাদের বিজয় দিবস বয়কট করে যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়ায় ইইউকে ধিক্কার জানাই।’