ইইউতে ওআইসির দূত বাংলাদেশের ইসমাত জাহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসমাত জাহান
ইসমাত জাহান

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দপ্তরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন বাংলাদেশের কূটনীতিক ইসমাত জাহান। ৫৭-জাতির মুসলিম জোট ওআইসি ২০১৩ সালের জুনে ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে তাদের স্থায়ী পর্যবেক্ষক মিশন চালু করে। ব্রাসেলসে ওআইসির দূত হিসেবে ইসমাত জাহান হবেন প্রথম বাংলাদেশি।
ওআইসির মহাসচিব আয়াদ আমিন মাদানি ইতিমধ্যে ইসমাত জাহানকে ওই পদে নিয়োগ দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
পেশাদার কূটনীতিক ইসমাত জাহান দুবার জাতিসংঘের নারীর বিরুদ্ধে বৈষম্য দূরীকরণ কমিটির সদস্য হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
বর্তমানে ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমাত জাহান সরকারের কাছ থেকে ছুটি (লিয়েন) নিয়ে চার বছর ওআইসির প্রতিনিধিত্ব করবেন। গত এপ্রিলে তাঁকে সরকার যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল। তিনি ওআইসিতে যোগ দেওয়ায় লন্ডনে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন নাজমুল কাউনাইন। তিনি এখন ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।