ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হানা বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা বহাল রাখার ঘোষণা দিয়ে বলেছেন, ইইউ প্রথম থেকেই বাংলাদেশের সব পণ্যের অবাধ প্রবেশাধিকার দিয়েছে। বাংলাদেশে উন্নয়ন ও কর্মসংস্থানের এই ধারা ইইউ অব্যাহত রাখবে।নারায়ণগঞ্জ নগর ভবনে গতকাল রোববার দুপুরে এক অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত এসব কথা বলেন। নারায়ণগঞ্জের দরিদ্র ও দুস্থ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্ষম ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে তাঁদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ইইউর আর্থিক সহযোগিতায় ব্র্যাক একটি বিশেষ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রকল্পের কার্যক্রম উদ্বোধন এবং এ সম্পর্কে জনগণকে জানানোর জন্য রোববার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিনা আহমেদ, ব্র্যাকের কর্মকর্তা শীপা হাফিজা প্রমুখ।সিটি মেয়র আইভী বলেন, বিগত নারায়ণগঞ্জ পৌরসভার আমল থেকে নারীর ক্ষমতায়নে সাফল্যের সঙ্গে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এখন সিটি করপোরেশনের সঙ্গে ব্র্যাক সম্পৃক্ত হলো। আশা করি এ প্রকল্প শতভাগ সফল হবে।