ইইউর অনুরোধ ফিরিয়ে দিল সরকার
সেনাবাহিনীসহ একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে দেখা করার অনুমতি পায়নি ইউরোপীয় ইউনিয়নের সফররত প্রতিনিধিদল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র গতকাল মঙ্গলবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ সফরের সময় ইইউ প্রতিনিধিদলটি সেনাবাহিনী, বাংলাদেশ বর্ডার গার্ডস (বিজিবি), পুলিশ ও গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অনুরোধ জানায়। তাদের সেই অনুরোধ অনুযায়ী প্রস্তাবিত বৈঠক আয়োজনে বাংলাদেশ সাড়া দেয়নি।
কেন এসব বৈঠকের অনুরোধ ফিরিয়ে দেওয়া হয়েছে, সে সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্তব্য করতে অপারগতা জানিয়েছেন।
গতকাল বিকেলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তাঁর দপ্তরে বৈঠকের পর ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম আনার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনিও কোনো মন্তব্য করেননি।
তবে পররাষ্ট্রসচিবের সঙ্গে প্রায় এক ঘণ্টার আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে আনা সাংবাদিকদের বলেন, ইইউ পর্যবেক্ষক মিশনের কারিগরি দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। কারণ তথ্যানুসন্ধানী দলটি মূলত পর্যবেক্ষক মিশনের কারিগরি দিকগুলো খতিয়ে দেখতে ঢাকায় এসেছে। তাই কীভাবে মিশন নিয়োগ হবে, এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের কী ভূমিকা থাকবে—এসব নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে। মূল আলোচনাটি হবে আজ বুধবার নির্বাচন কমিশনে।
বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয় খতিয়ে দেখতে গত ৭ সেপ্টেম্বর থেকে ঢাকা সফর করছে ইইউর একটি তথ্যানুসন্ধানী দল। পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ব্রাসেলসে ইইউ সদর দপ্তরের বহিঃসম্পর্ক বিভাগের কর্মকর্তা ব্যালথাসার বেঞ্জ।