ভাগ্যবদলের আশায় চট্টগ্রামের জামশেদ শাহরিয়ার ১৯৯৬ সালে পাড়ি জমান ফ্রান্সে। নাগরিকত্ব লাভের সুবিধার কথা বিবেচনা করে সেখান থেকে চলে যান সেনগেনভুক্ত দেশ (ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলোতে অবাধ চলাচল আছে) পর্তুগালে। ওই দেশের নাগরিকত্ব তিনি পেয়েছেন বেশ কয়েক বছর আগেই। কিন্তু উন্নত জীবন আর ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে বসতি গড়েছেন যুক্তরাজ্যে।
দুই বছর ধরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করা জামশেদ শাহরিয়ার সম্প্রতি বাংলাদেশ থেকে দুই সন্তান এবং স্ত্রীকেও নিয়ে এসেছেন। কিন্তু যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে গেলে তাঁর কী হবে, তা ভেবে তিনি শঙ্কিত।
ইইউর সদস্যপদ রাখা না রাখা নিয়ে আগামীকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যে গণভোট হবে। মূলত ইইউভুক্ত দেশের নাগরিকদের অবাধে যুক্তরাজ্যে প্রবেশ এবং এর ফলে দেশটিতে অভিবাসন বৃদ্ধির জের ধরে সৃষ্ট বিতর্কের ফলে এই গণভোটের আয়োজন। দেশটির প্রধান প্রধান রাজনীতিক ও শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা ইইউতে থাকার পক্ষে প্রচারে নামলেও শেষ পর্যন্ত ফলাফল কোন দিকে যায়, তা আঁচ করতে পারছেন না কেউ। তাই ইইউভুক্ত দেশ থেকে আসা অনেকেই আছেন দুশ্চিন্তায়।
যুক্তরাজ্যে ইতালিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা বলেন, নিজস্ব সংস্কৃতিচর্চা, সন্তানদের ধর্মীয় শিক্ষা ও ইংরেজি ভাষা শেখানোসহ উন্নত জীবনমানের কথা বিবেচনা করে অনেকে যুক্তরাজ্যে এসেছেন। কিন্তু গণভোটের বিষয়টি তাঁদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে।
শুধু বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিরা না, ইইউভুক্ত দেশের অন্য নাগরিকেরা এই গণভোট নিয়ে একই রকম আশঙ্কায় ভুগছেন। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের তথ্য অনুযায়ী প্রায় ইইউভুক্ত অন্যান্য দেশের ৩০ লাখ মানুষ বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছে। কিন্তু এদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকের সংখ্যা কত তার সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। ধারণা করা হয় যে ইইউভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি এসেছেন ইতালি থেকে। যার সংখ্যা হবে প্রায় ১২ থেকে ১৫ হাজার। এ ছাড়া ফ্রান্স, পর্তুগাল, স্পেন থেকে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক ব্রিটেনে এসেছেন।
তবে ইইউভুক্ত অন্যান্য দেশের যেসব নাগরিক ইতিমধ্যে যুক্তরাজ্যে বসবাস করছেন, তাঁদের ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন ইইউবিরোধী প্রচারকেরা। তাঁরা বলছেন, প্রায় ২০ লাখ ব্রিটিশ নাগরিক ইইউভুক্ত দেশগুলোতে বসবাস করছে। ফলে যুক্তরাজ্য ইইউ থেকে বের হয়ে গেলে গণহারে অভিবাসী আদান-প্রদানের মতো কিছু ঘটবে না। আবার আন্তর্জাতিক আইন ও ইইউভুক্ত দেশগুলোর মধ্যে সম্পাদিত চুক্তির ফলেও অভিবাসীদের গণবিতাড়নের সুযোগ নেই। তবে যুক্তরাজ্য ইইউ ত্যাগ করলে নতুন যাঁরা যুক্তরাজ্যে আসতে চাইবেন, তাঁদের ক্ষেত্রে ভিসার শর্ত আরোপ হবে।