ইইউর আদলে দক্ষিণ পূর্ব এশীয় ইউনিয়ন গঠনের আহ্বান
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে পুনরায় একত্র হয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আদলে দক্ষিণ-পূর্ব এশীয় ইউনিয়ন গঠনের আহ্বান জানিয়েছেন প্রবীণ সাংবাদিক মার্ক টালি। তিনি বলেন, তিন দেশ পুনরায় একত্র হলে এই অঞ্চলে দারিদ্র্য, নিরক্ষরতা ও ক্ষুধার মতো সমস্যাগুলোর বিরুদ্ধে লড়াই সহজ হবে। খবর ইউএনবির।
ভারতের আগ্রা শহরে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের একটি বৈঠকের উদ্বোধন শেষে দেশটির ইংরেজি সাপ্তাহিক ইন্ডিয়া টুডের সঙ্গে কথা বলেন সাংবাদিক মার্ক টালি। তিনি বলেন, বিশ্ব লড়াই-সংঘাতের ইতির দিকে এগোচ্ছে। নতুন বিশ্বব্যবস্থা গড়ার এখনই সময়। সেই ব্যবস্থায় ভারত-পাকিস্তান সংঘাতের মতো বিষয়গুলোর স্থান নেই। দুই দেশের জনগণই পুনরায় একত্র হয়ে একটি একক ফেডারেশন গড়তে চায়।
ভারতের ফোকলোর রিসার্চ একাডেমি সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দুই দিনের ওই বৈঠকের আয়োজন করে। একাডেমির সভাপতি রমেশ যাদব বলেন, একাডেমি সার্কভুক্ত সব দেশকে নিয়ে একটি একক প্ল্যাটফর্ম গড়তে চায়। এর মাধ্যমে সবার শক্তিকে এক জায়গায় করা হবে। তখন পুরো বিশ্ব স্বীকার করবে, এই অঞ্চল ‘তৃতীয় বিশ্ব’ তকমা ছুড়ে ফেলে দিতে প্রস্তুত।
পাকিস্তানের আঞ্চলিক স্থায়ী কমিটির চেয়ারম্যান রাজা হাসান আখতার বলেন, ব্যবসা-বাণিজ্য ও লোকজনের মুক্তভাবে চলাচলের স্বার্থে ভারত ও পাকিস্তানের মধ্যে ভিসা-সংক্রান্ত জটিলতাগুলো দূর করতে হবে। একই কথা বলেন দেশটির সাহিত্যিক সুরাইয়া মানজারও। অনুষ্ঠানে ভারত ও পাকিস্তানের দুজনকে তৃতীয় ‘নির্মলা দেশপান্ডে সাউথ ইস্ট এশিয়া পিস অ্যান্ড জাস্টিস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন, মুম্বাইয়ের যতীন দেশাই ও করাচির বিএম কুট্টি।