ইইউর উদ্বেগ সমঝোতার আহ্বান
জনমতের পূর্ণ প্রতিফলন ঘটে—এমন নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের সব রাজনৈতিক দলকে একটি গ্রহণযোগ্য ফর্মুলার ব্যাপারে সমঝোতায় পৌঁছার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ৫ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণার পটভূমিতে ইইউর পররাষ্ট্রবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন শনিবার এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের কথা ঘোষণার পর নির্বাচনকালীন সরকার প্রশ্নে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত অব্যাহত থাকায় ইইউ উদ্বিগ্ন। এ পটভূমিতে যাঁরা সমঝোতার চেষ্টা করছেন, তাঁদের উদ্যোগকেও ইইউর পক্ষ থেকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, গণতান্ত্রিক স্বাধীনতা রক্ষায় সুশীল সমাজ বা নাগরিক গোষ্ঠীগুলোর মৌলিক ভূমিকা পালনের সুযোগ থাকা দরকার।
বিবৃতিতে সহিংসতা ছড়ায় এমন কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। হরতালের মতো সংঘাত ও ভীতি প্রদর্শনের কর্মসূচি এবং রাজনীতিক ও মানবাধিকার-কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০০৮ সালের মতো এবারও নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক পাঠাতে ইইউ প্রস্তুত আছে। তবে তা নির্ভর করবে বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির ওপর।