ইইউর সঙ্গে কর্মপ্রক্রিয়া দ্রুত চূড়ান্ত করার সিদ্ধান্ত
নানা কারণে ইউরোপ গিয়ে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফিরিয়ে আনতে ইইউর সঙ্গে একটি কর্মপ্রক্রিয়া দ্রুত চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। বিশেষ করে বাংলাদেশের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর দ্রুত তাঁদের কীভাবে দেশে ফিরিয়ে আনা হবে, তা ওই কর্মপ্রক্রিয়ায় বলা থাকবে।
আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্রসচিব এম শহীদুল হকের সভাপতিত্বে ইউরোপ থেকে অনিয়মিত বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে একটি আন্তমন্ত্রণালয় সভায় এ নিয়ে আলোচনা হয়েছে। ওই আলোচনায় আইন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মঙ্গলবার বিকেলে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ অনুবিভাগের মহাপরিচালক খোরশেদ আলম খাস্তগীরের আলোচনা হয়েছে।
বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পিয়েরে মায়াদু বলেন, অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর ব্যাপারে কারিগরি বিষয়ে আলোচনা হয়েছে।
এদিকে আন্তমন্ত্রণালয় সভায় উপস্থিত মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ইউরোপের বিভিন্ন দেশে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে কথা বলার সময় কেন লোকজন লাখ লাখ টাকা খরচ করে বিপৎসংকুল পথে ইউরোপ যাচ্ছে, কারা তাঁদের প্রলুব্ধ করে মানবেতর জীবনযাপনে বাধ্য করেছে—সেটি খুঁজে বের করার প্রসঙ্গগুলো এসেছে। তবে যেসব লোকজন এর মধ্যেই অবৈধ হয়ে পড়েছেন, তাঁদের ফিরিয়ে আনার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের বিষয়টি আলোচনায় এসেছে।
এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইউরোপ থেকে অবৈধ লোকজনকে ফিরিয়ে আনতে ইইউ যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চূড়ান্ত করার প্রস্তাব দিয়েছে, সেটা দ্রুত করার ব্যাপারে মত আছে। তবে ইইউ ৩১ জুলাইয়ের মধ্যে তা চূড়ান্ত করতে চাইছে। এ জন্য আরও সময় লাগবে। তবে তা দ্রুতই হবে। এটা শিগগিরই ইইউকে জানানো হবে।
বছর তিনেক আগে সিরিয়ার শরণার্থীদের ইউরোপ যাওয়াকে পুঁজি করে মানব পাচারকারীরা সক্রিয় হয়ে ওঠে। এরপর থেকে ইউরোপে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনের অবৈধ প্রবেশ বাড়তে থাকায় অবৈধ অভিবাসন ঠেকাতে জনমত শক্তিশালী হতে থাকে। তাই গত বছর থেকে অবৈধ নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের ওপর ক্রমাগত চাপ দিচ্ছে ইইউ।