আন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল মঙ্গলবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও ইস্টার্ন ইউনিভার্সিটি জয় পেয়েছে। মোহাম্মদপুরের রামচন্দ্রপুরে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) নিজস্ব ক্রিকেট মাঠে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে ইউআইইউ ৩৫ রানের ব্যবধানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিকে (আইইউবিএটি) হারায়। ম্যাচসেরা হন বিজয়ী দলের আনসারি। এরপর দুপুরে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ইস্টার্ন ইউনিভার্সিটি ও সাউথইস্ট ইউনিভার্সিটি। এই ম্যাচে সাউথইস্ট ইউনিভার্সিটিকে ৬ উইকেটে হারায় ইস্টার্ন ইউনিভার্সিটি। ম্যাচসেরা হন বিজয়ী দলের রিফাত। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিযোগিতায় ইতিবাচক মনোভাব সৃষ্টির লক্ষ্যে ২০০৬ সাল থেকে প্রতিবছর ইউল্যাব ফেয়ার প্লে কাপ আয়োজন করে। এবারের দশম আয়োজনে ১২টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে।
নিজস্ব প্রতিবেদক