সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) খুব শিগগির কর্মী পাঠানো শুরু হবে বলে আশাবাদ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম। গতকাল মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশাবাদ জানান।
নুরুল ইসলাম বলেছেন, অভিবাসন খাতের অনিয়ম ও দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদন সঠিক নয়। অভিবাসন-বিষয়ক প্রতিবেদকদের সংগঠন রিপোর্টারস ফর বাংলাদেশি মাইগ্রেন্টস (আরবিএম) তাদের নবগঠিত কমিটির সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে।
মালয়েশিয়ার শ্রমবাজারে মাত্র ১০টি রিক্রুটিং এজেন্সি দিয়ে কর্মী পাঠানোর বিষয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘আমরা সব সময় সিন্ডিকেটের বিপক্ষে। আমি কোনো সিন্ডিকেট করতে দিইনি। মালয়েশিয়া কাদের মাধ্যমে লোক নেবে, সেটা তারাই ঠিক করেছে।’ তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে খুব শিগগির কর্মী পাঠানো শুরু হবে বলে আমরা আশাবাদী। জাপান নতুন কর্মী নেওয়ার বিষয়ে প্রস্তাব দিয়েছে।’
সাংবাদিকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ‘সাংবাদিকেরা ভিন্ন দৃষ্টি নিয়ে সবকিছু দেখেন। তাঁদের চোখ দিয়ে অসংগতিগুলো দেখা যায়। আর সাংবাদিকেরা প্রবাসীদের কল্যাণেই কাজ করছেন। আমরা একসঙ্গে কাজ করতে চাই। আপনাদের জন্য দরজা সব সময় খোলা।’
৯ মার্চ টিআইবি একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সংবাদ সম্মেলনে বলেছে, বাংলাদেশ থেকে বিদেশগামী পুরুষদের ৯০ শতাংশই দুর্নীতি ও অনিয়মের শিকার হচ্ছেন।
ওই প্রতিবেদনের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী প্রতিবেদন সঠিক নয় মন্তব্য করে বলেন, এই প্রতিবেদনের বিরুদ্ধে মন্ত্রণালয় শিগগিরই তাদের অবস্থান লিখিতভাবে জানাবে।
মতবিনিময় সভায় আরবিএমের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি ফিরোজ মান্না, সাধারণ সম্পাদক মাসউদুল হকও বক্তব্য দেন।