ইউএনএফপির জনসংখ্যা নিয়ে প্রকাশিত প্রতিবেদন সরকারের প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জনসংখ্যা নিয়ে সম্প্রতি জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপি) প্রকাশিত প্রতিবেদন সরকারের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী বলেছেন, ইউএনএফপি সরকারের কোনো সংস্থার সঙ্গে আলোচনা না করেই কাজটি করেছে, যা গর্হিত, অন্যায় ও অনধিকার চর্চা এবং আন্তর্জাতিক সংস্থার শিষ্টাচারবহির্ভূত। গতকাল সোমবার সচিবালয়ে ইউএনএফপির প্রতিবেদনটির ওপর এক পর্যালোচনা বৈঠক শেষে অর্থমন্ত্রী এসব কথা জানান।বৈঠকে পরিকল্পনা, স্বাস্থ্য, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, ‘মনে হয়, নিউইয়র্কে টেবিলে বসে কেরানি সাহেবরা এটি তৈরি করেছেন। আমরা তাঁদের এই প্রতিবেদন প্রত্যাখ্যান করছি। সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে শিগগির আনুষ্ঠানিকভাবে ইউএনএফপির কাছে প্রতিবেদনের ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হবে।’২০ অক্টোবর রাজধানীর একটি হোটেলে ইউএনএফপি বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৪৪ লাখ বলে তথ্য প্রকাশ করেছে। তবে অর্থমন্ত্রী বলেন, ২০১০ সালে দেশের জনসংখ্যা মূলত ১৪ কোটি ৬০ লাখ।