ইউএনও অফিসে যুবলীগের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুবলীগের তালা
যুবলীগের তালা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দলীয় সমাবেশ করতে না পেরে প্রশাসনিক সব কাজ বন্ধ করে দেন স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা। গতকাল সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভবনের ফটকসহ প্রায় সব দপ্তরে তাঁরা তালা লাগিয়ে রাখেন।প্রত্যক্ষদর্শী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে দৌলতপুর উপজেলা যুবলীগের নেতা-কর্মীরা উপজেলা পরিষদ মিলনায়তনে তাঁদের দলীয় সভা করতে ইউএনও কার্যালয়ের কর্মচারীদের কাছে চাবি চান। ইউএনওর অনুমতি ছাড়া তাঁরা মিলনায়তনের চাবি দিতে পারবেন না বলে জানান।এতে ক্ষুব্ধ হয়ে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের একাংশের আহ্বায়ক কমিটির সদস্য ছাদিকুজ্জামান সুমনের নির্দেশে যুবলীগের কর্মীরা প্রশাসন ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের বের করে দিয়ে সব কক্ষ ও ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের এ সময় পরিষদ চত্বরের ভেতরের গাছতলায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা ইউএনওকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল পৌনে পাঁচটার দিকে নেতা-কর্মীরা তালা খুলে দিয়ে চলে যান।দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, গত রোববার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের একাংশের আহ্বায়ক কমিটির সদস্য ছাদিকুজ্জামান মুঠোফোনে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা করার জন্য অনুমতি চান। দলীয় অনুষ্ঠান করার বিধান না থাকায় বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। তিনি আরও বলেন, ঘটনার সময় তিনি সরকারি কাজে বাইরে ছিলেন। খবর পেয়ে নিরাপত্তার অভাবে কার্যালয়ে যেতে পারেননি। বিষয়টি জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনকে জানানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনা জানতে ছাদিকুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া গেছে।