ইউএনও-আ. লীগ নেতা মুখোমুখি
বগুড়ার শিবগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা আওয়ামী লীগের সভাপতির মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। ইউএনওর অপসারণ দাবিতে গতকাল সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশে ঘোষণা করা হয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে ইউএনওকে অপসারণ করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মির্জারুল আলম চৌধুরী ইউএনও লুৎফর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে সংস্থাপন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। অন্যদিকে রোববার রাতে ইউএনও শিবগঞ্জ থানার পুলিশকে চিঠি দিয়ে জানান, মির্জারুল আলম চৌধুরী সরকারি বিভিন্ন দপ্তরে চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতার সঙ্গে জড়িত। তিনি সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ভয়ভীতি দেখান। তিনি মির্জারুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন।ইউএনও লুৎফর রহমান বলেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। আর এ কারণেই তিনি মিথ্যা অভিযোগ দিয়ে বেড়াচ্ছেন।তবে মির্জারুল আলম এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ইউএনওর বিরুদ্ধে সংস্থাপন মন্ত্রণালয়ে অভিযোগ করায় তিনি আমাকে আক্রোশমূলক হেনস্তা করার চেষ্টা করছেন।’