ইউএনও ও ওসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশ-জনতার মধ্যে সহিংসতার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান আসলাম হোসেন সওদাগর এ মামলা করেন।স্থানীয় সূত্রে জানা যায়, ১১ জুন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে রামখানা ইউনিয়নের আজমাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্থানীয় কিছু মানুষ প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ, আনসার বাহিনীর মহিলা সদস্যের ওপর হামলা করে। পরে অতিরিক্ত পুলিশ তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে। পরদিন রামখানা ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী মাহফুজার রহমান বাদল মণ্ডলের নেতৃত্বে পুনর্নির্বাচনের দাবিতে একটি মিছিল উপজেলা সদরে প্রবেশ করলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিলকারীরা উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে আশ্রয় নেয়। পুলিশ সেখানে গিয়ে তাদের মারপিট করে। এ সময় উপজেলা চেয়ারম্যান আসলাম হোসেন সওদাগর পুলিশকে নিবৃত্ত করতে গেলে পুলিশ তাঁকেও পেটায়। এতে তাঁর মাথা ফেটে যায়। তাঁকে উদ্ধার করতে এসে পিটুনির শিকার হন ভাইস চেয়ারম্যান আবদুল আজিজ। মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান আসলাম হোসেন সওদাগর ইউএনও রফিকুল হক, ওসি মঞ্জুর রহমান, এসআই আজিজুর রহমান, রবিউল ইসলাম, সানাউল্যাহ, মুসা, আলমগীর হোসেন, আফজাল হোসেন, বিদ্যুৎ কুমার, এএসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল মোকছেদ আলীকে আসামি করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান আসলাম হোসেন সওদাগরের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।