ইউএনও ও নির্বাচন কার্যালয় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের চৌহালীতে ইউএনও ও নির্বাচন কার্যালয় ভাঙচুর করেছেন এলাকাবাসী। উপজেলার ৬ নম্বর খাসপুকুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করায় গতকাল সোমবার এই ভাঙচুর চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল ওই ইউপির ভোট গ্রহণের কথা ছিল৷ কিন্তু গত রোববার রাত ১০টার দিকে নির্বাচন স্থগিতের নির্দেশ আসে উপজেলা নির্বাচন কার্যালয়ে৷ এ ঘটনার পর রাতেই ভোটকেন্দ্রগুলো থেকে নির্বাচনের সরঞ্জামাদি সরিয়ে নেওয়া হয়। খবর পেয়ে এলাকাবাসী বিক্ষোভ করেন৷ তাঁরা ইউএনও ও নির্বাচন কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ জানান, তফসিল অনুযায়ী রোববার বিকেলের মধ্যে নয়টি ভোটকেন্দ্রে ব্যালট পাঠানো হয়। কিন্তু বর্তমান ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত করেন। রোববার রাত ১০টার দিকে নির্বাচন কমিশন হাইকোর্টের এ আদেশ পায়৷ পরে নির্বাচন স্থগিত করা হয়। সরঞ্জাম ফেরত আনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ভাঙচুর করেছেন।