পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া সরকারি কলেজের এক শিক্ষককে অপদস্থ করার ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও কলেজের অধ্যক্ষকে বদলি করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারের কার্যালয় ভান্ডারিয়ার ইউএনও মনির হোসেনকে ভোলার বোরহানউদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আশ্রাফুল ইসলামকে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বদলি করে। এ ছাড়া ভান্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ বি এম ফখরুজ্জামানকে বরিশালের চাখার শের-ই বাংলা ফজলুল হক সরকারি কলেজে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কাউখালীর ইউএনও শহীদুল ইসলাম ভান্ডারিয়ার ইউএনওর অতিরিক্ত দায়িত্ব বুঝে নেন। জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী দুই কর্মকর্তার বদলির খবর নিশ্চিত করেন।
৯ এপ্রিল ভান্ডারিয়া কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলাকালে সেখানে পরিদর্শনে যান সহকারী কমিশনার আশ্রাফুল ইসলাম। তখন তিনি একটি কক্ষে একই বেঞ্চে বসা দুই পরীক্ষার্থীর একজনকে সরিয়ে দিতে বলেন শিক্ষক মোনতাজ উদ্দিনকে। এ নিয়ে আশ্রাফুলের সঙ্গে মোনতাজের বাগ্বিতণ্ডা হয়। এরপর ইউএনও সেখানে গেলে মোনতাজ ভুল স্বীকার করেন। সে সময় ইউএনওর নির্দেশে আশ্রাফুলের পা ধরে ক্ষমা চাইতে বাধ্য হন মোনতাজ।