ইউএনও ও মাদ্রাসা অধ্যক্ষকে ৬ মাস করে আটকাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননা মামলায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজাপুর মাদ্রাসার একজন শিক্ষক ও এ উপজেলার সাবেক একজন নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আদালত ছয় মাস করে দেওয়ানি কারাগারে আটক রাখার আদেশ দিয়েছেন। গত বুধবার নান্দাইলের জ্যেষ্ঠ সহকারী হাকিম মোহামঞ্চদ সুলতান উদ্দিন প্রধান এ রায় দেন।
আটকাদেশ পাওয়া ওই দুই ব্যক্তি হলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তাজুল ইসলাম সাইফুল্লাহ এবং সাবেক ইউএনও জাকিয়া পারভীন (বর্তমানে রাজধানী শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক)।
মামলার বাদীপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন জায়েদী বলেন, আদালতের আদেশ অম্যান্য করায় শিক্ষক ও সাবেক ইউএনওকে সাজা দেওয়া হয়েছে।
মামলার বিবরণ ও রায়ের অনুলিপি সূত্রে জানা যায়, মামলার বাদী আবদুছ ছামাদ ওই মাদ্রাসায় ‘জ্যেষ্ঠ মৌলভি’ পদে চাকরি করতেন। চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার প্রায় এক বছর আগেই (২০১০ সালের জানুয়ারি) মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁকে জোরপূর্বক অবসরে পাঠায়। এ ঘটনায় তিনি জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। তিনি তাঁর বেতন-ভাতা ও পেনশনের দাবি জানিয়ে আবেদন করেন। দীর্ঘদিন ঘুরে কোনো প্রতিকার না পেয়ে তিনি নান্দাইলের জ্যেষ্ঠ সহকারী হাকিমের আদালতে একই বছর একটি মামলা করেন (নম্বর-১১৪/১০)। শুনানি শেষে ওই বছর ৬ সেপ্টেম্বর আদালত বাদীকে সমস্ত পাওনা পরিশোধের নির্দেশ দেন।
সূত্রে আরও জানা যায়, পরে বিবাদী (মাদ্রাসার অধ্যক্ষ ও কমিটির সভাপতি) এ রায়ের বিরুদ্ধে ময়মনসিংহের জেলা জজ আদালতে আপিল ও রিভিও মোকদ্দমা (নম্বর ৩৩/২০১১) দায়ের করলে তা নামঞ্জুর হয়। এর পরও কর্তৃপক্ষ তাঁর বকেয়া পাওনা পরিশোধ করেনি। পরবর্তী সময়ে আবদুছ ছামাদ বিবাদীদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত বিবাদীদের আদালতে সশরীরে উপস্থিত হয়ে রায় কার্যকর না করা সম্পর্কে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠান। তবে তাঁরা আদালতে উপস্থিত হননি। এ অবস্থায় গত বুধবার তাজুল ইসলাম ও জাকিয়া পারভীনকে দোষী সাব্যস্ত করে আদালত তাঁদের বিরুদ্ধে ওই সাজা দেন।
এ বিষয়ে জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, ‘আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’ জাকিয়া পারভীনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।