ইউএনও-ওসির ব্যাখ্যা, আদেশ ১৮ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক স্কুলছাত্রকে ভ্রাম্যমাণ আদালতের দুই বছর সাজা দেওয়ার বিষয়ে হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দিয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (নির্বাহী হাকিম) ও সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। আগামী ১৮ অক্টোবর এ বিষয়ে আদেশ দেবেন আদালত।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে আজ মঙ্গলবার ওই দুই কর্মকর্তা হাজির হয়ে সংশ্লিষ্ট বিষয়ে তাঁদের ব্যাখ্যা দাখিল করেন। শুনানি নিয়ে আদালত আদেশের তারিখ ধার্য করেন।

ইউএনও এস এম রফিকুল ইসলাম ও ওসি মোহাম্মদ মাকসুদুল আলম তাঁদের ব্যাখ্যায় বলেছেন, গাঁজা উদ্ধারের ঘটনায় ওই স্কুলছাত্রকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছর সাজা দেওয়া হয়েছে।

ওই স্কুলছাত্র আজ আদালতে হাজির হয়ে বলেছে, রাতে বাড়ি থেকে তাঁকে পুলিশ নিয়ে যায়। নির্যাতন করা হয়। ক্রসফায়ারের ভয় দেখানো হয়। ভয়ে সে স্বীকারোক্তি দেয়। এখন সে ন্যায়বিচার চায়।

ছাত্রের বক্তব্য হলফনামা করে আদালতে দাখিল করতে আইনজীবীকে নির্দেশ দিয়েছেন আদালত।

ইউএনও-ওসিকে আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট।

এ ছাড়া ঘটনার বিষয়ে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদন হলফনামা করে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

আদালতে ইউএনওর পক্ষে শুনানি করেন আইনজীবী শ ম রেজাউল করিম। ওসির পক্ষে ছিলেন আইনজীবী নুরুল ইসলাম।

ওই শিক্ষার্থীকে কীভাবে গ্রেপ্তার করা হলো এবং কিসের ভিত্তিতে তাকে সাজা দেওয়া হয়েছে, সে-সংক্রান্ত নথিপত্র নিয়ে ইউএনও ও ওসিকে আজ হাজির হতে গত ২০ সেপ্টেম্বর নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই ছাত্রকেও তার বিদ্যালয়ের সনদ ও বয়সসংক্রান্ত তথ্যাদি নিয়ে আসতে বলেছিলেন আদালত। সে অনুযায়ী তিনজনই আজ হাইকোর্টে হাজির হন।

‘বয় জেলড ফর এফবি কমেন্ট অ্যাবাউট এমপি’ শিরোনামে দ্য ডেইলি স্টারে একটি প্রতিবেদন ছাপা হলে তা ২০ সেপ্টেম্বর আদালতে তুলে ধরেন সুপ্রিম কোর্টের আইনজীবী খুরশীদ আলম খান। ওই দিন শুনানি নিয়ে আদালত রুলসহ আদেশ দেন।