ঝালকাঠির রাজাপুরে দশম শ্রেণির এক ছাত্রী (১৫) কৌশলে বাড়ি থেকে পালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে বলে জানা গেছে। এদিকে যশোরের অভয়নগর ও নাটোরের সিংড়ায় আরও দুই কিশোরীর বিয়ে বন্ধ হয়েছে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে।
ঝালকাঠির স্কুলছাত্রীর ভাষ্যমতে, তার বাবা ঢাকায় একটি মাদ্রাসার নৈশপ্রহরী। গতকাল সোমবার বিকেলে তার মা উপজেলার পুটিয়াখালি গ্রামের সাহেবের হাট এলাকার আবদুল গফ্ফার মীরের ছেলে হালিম হোসেন সাকিবের (২৬) সঙ্গে বিয়ের আয়োজন করেন। এ অবস্থায় সকালে বাড়ি থেকে স্কুলের কোচিংয়ে যাওয়ার কথা বলে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা বেগমের কার্যালয়ে গিয়ে বিয়ে ঠেকাতে তাঁর সহযোগিতা চায়। ইউএনও মেয়েটির মাসহ স্বজনদের ডেকে পাঠান।
ছাত্রীটি যে বিদ্যালয়ে পড়াশোনা করে সেখানকার প্রধান শিক্ষক বলেন, মেয়েটি মেধাবী। কয়েক মাস আগেও একবার মেয়েটির বিয়ের আয়োজন করলে ইউএনওর সহায়তায় স্থানীয়ভাবে তা বন্ধ করা হয়।
ইউএনও আফরোজা বেগম বলেন, ওই ছাত্রীর মায়ের কাছ থেকে মেয়েটিকে বাল্যবিবাহ দেওয়া হবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।
নাটোর ও যশোরে আরও দুটি বাল্যবিবাহ বন্ধ
যশোরের অভয়নগর উপজেলার একটি গ্রামে গতকাল দুপুরে চলছিল দশম শ্রেণির আরেক ছাত্রীর বিয়ের আয়োজন। নিজের বাড়ি থেকে পালিয়ে এ বাড়িতে আসা মেয়েটির (১৫) বিয়ের কথা ছিল পছন্দের পাত্র জ্যোতি রায়ের ছেলে রাজু রায়ের (২৫) সঙ্গে।
গত রোববার সকালে মেয়েটি পালিয়ে আসে রাজুর বাড়িতে। দুপুরে বিয়ের আয়োজন শুরু হলে বেলা তিনটার দিকে ইউএনও মনদীপ ঘরাই খবর পেয়ে পুলিশ নিয়ে ওই বাড়িতে হাজির হন। টের পেয়ে মেয়েটিকে রেখে পালিয়ে যান বাড়ির লোকজন। এরপর মেয়ের মা-বাবাকে খবর দিয়ে এনে মেয়েটিকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়। ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।
নাটোরের সিংড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় এ বছর এসএসসি পাস করা একটি মেয়ের (১৭) সঙ্গে একই গ্রামের একটি ছেলের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়েএ বাল্যবিবাহ বন্ধ করেন ইউএনও নাজমুল আহসান। ইউএনও বলেন, ছেলে ও মেয়ের বাবা উভয়ই শিক্ষক। তাঁদের সঙ্গে কথা বলা হলে তাঁরা অজুহাত ছাড়াই বিবাহ বন্ধ করেন।