ইউএনও কার্যালয়ে মনোনয়ন বিতরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বসে স্থানীয় সাংসদ ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেওয়ার ফটোসেশন করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাংসদ ওমর ফারুক চৌধুরী তানোর ইউএনওর কার্যালয়ে বসেন। সেখানে তিনি উপজেলার সাতটি ইউনিয়নের প্রার্থীদের হাতে দলীয় মনোনয়ন তুলে দেন। এই প্রার্থীরা হলেন কলমা ইউনিয়নের প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, চান্দুড়িয়া ইউনিয়নের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, কামারগাঁ ইউনিয়নের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মুসলেম উদ্দিন, তালন্দ ইউনিয়নের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সরনজায় ইউনিয়নের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক, পাঁচন্দর ইউনিয়নের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন ও বাধাইড় ইউনিয়নের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
মনোনয়নপত্র বিতরণের সময় ইউএনও মামুনুর রশিদ এবং তানোর থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সবুর সাংসদ ওমর ফারুক চৌধুরীর পেছনে দাঁড়িয়ে ছিলেন। পাশে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুণ্ডুমালা পৌরসভার চেয়ারম্যান গোলাম রাব্বানী।
এ ব্যাপারে কথা বলার জন্য তানোর উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,‘ মাননীয় সংসদ সদস্য মহোদয় আমার কার্যালয়ে এসে বসেছিলেন। এ সময় প্রার্থীরা এসেছিলেন। এটা আগে থেকে সাজানো কোনো অনুষ্ঠান ছিল না। সেই সময় হয়তো সাংবাদিকরা ছবি তুলেছে।’
তবে রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, কখনোই একজন সাংসদ সরকারি কোনো কার্যালয়ে বসে এ ধরনের কাজ করতে পারবেন না।
এ ব্যাপারে জানতে চাইলে ওমর ফারুক চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রার্থীরা আগেই দলীয় নেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নপত্র পেয়েছিলেন। তিনি ইউএনওর কার্যালয়ে বসেছিলেন। তাঁকে পেয়ে প্রার্থীরা খুশি হয়ে তাঁর হাত থেকে মনোনয়নপত্র নেওয়ার একটা ফটোসেশন করেছেন। এ ছাড়া আর কিছু হয়নি।
তানোর উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামীকাল রোববার। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ এপ্রিল।