ইউএনওর মামলার বিচারককে না.গঞ্জে বদলির পরামর্শ
বরিশালের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মোহাম্মদ আলী হোসাইনকে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে বদলির জন্য আইন মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্টের সাধারণ প্রশাসনিক কমিটি (জিএ)।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বরিশালে বিচারক মোহাম্মদ আলী হোসাইনের কর্মকাল দুই বছর ৮ মাস বিবেচনায় নিয়মিত বদলির অংশ হিসেবে তাঁকে ওখানে বদলির পরামর্শ দেওয়া হয়।
সূত্রটি জানায়, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কমিটির (জিএ) সভা গত বুধবার অনুষ্ঠিত হয়। মোহাম্মদ আলী হোসাইনকে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে বদলির জন্য ২৫ জুলাই প্রস্তাব পাঠিয়েছিল আইন মন্ত্রণালয়। এ প্রস্তাব গ্রহণ না করে কমিটি তাঁকে নারায়ণগঞ্জে বদলির পরামর্শ দেন। সভায় বরিশালের সিএমএম হিসেবে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শাহীন উদ্দিনকে বদলি করতে আইন মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া কমিটির ওই সভায় আরও ৪৪ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে বিভিন্ন জেলায় বদলির পরামর্শ দেওয়া হয়েছে।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের (বর্তমানে বরগুনা সদরের ইউএনও) বিরুদ্ধে হওয়া পাঁচ কোটি টাকার মানহানি মামলায় বিচারক ছিলেন বরিশালের সিএমএম মোহাম্মদ আলী হোসাইন।
অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ, বদলি, পদোন্নতি ও অনিয়ম সংক্রান্ত বিষয়গুলো তত্ত্বাবধান করে থাকে জিএ কমিটি। প্রধান বিচারপতির নেতৃত্বে এই কমিটিতে হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতি সদস্য হিসেবে থাকেন।