ইউএনও দিলেন ধন্যবাদপত্র, এসআই করলেন আসামি!
দশম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনে হাড়োখালি দত্তকোনা সরকারি বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন ভরতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদ। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ করার জন্য ১৭ জানুয়ারি তাঁকে ধন্যবাদপত্র দেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) শরীফ নজরুল ইসলাম।
সেই আবদুল হামিদকে আসামি করে নির্বাচনী সহিংসতার মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনিসহ ২৭ জন নির্বাচনের দিন বেলা দুইটার দিকে লাঠি ও বোমা নিয়ে খামারবাড়ি খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে জোর করে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনিয়ে নেন। তখন উত্তেজনার সৃষ্টি হলে ভোট নেওয়া বন্ধ ঘোষণা করা হয়। খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি হাড়োখালি ভোটকেন্দ্র থেকে অন্তত পাঁচ কিলোমিটার দূরে।
ওই ঘটনায় খানপুর কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আলতাফ মাহমুদ গত ৮ জানুয়ারি অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা করেন। ওই মামলার তদন্ত কর্মকর্তা মনিরামপুর থানার তৎকালীন এসআই রবিউল ইসলাম গত ১৬ আগস্ট প্রধান শিক্ষক আবদুল হামিদসহ ২৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
এসআই রবিউল বর্তমানে যশোরের অভয়নগর থানায় কর্মরত। তিনি প্রতিপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে অভিযোগপত্রে নিরীহ ব্যক্তিদের নাম ঢুকিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এসব ব্যাপারে জানতে চাইলে এসআই রবিউল ইসলাম গত বুধবার প্রথম আলোকে প্রথম বলেন, ‘ভুলভ্রান্তি তো মানুষের হয়। দুই দিন পর সঠিক জবাব পাবেন।’ এর বেশি কিছু তিনি বলতে চাননি।
যোগাযোগ করা হলে আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, ‘৫ জানুয়ারি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ভোট গ্রহণের জন্য আমি হাড়োখালি কেন্দ্রে ছিলাম। রাতে ভোট গণনা শেষ করে ফলাফল প্রকাশ করে বাড়িতে ফিরেছি। যে কারণে অন্য কেন্দ্রে গিয়ে সহিংসতা ঘটানোর কোনো প্রশ্নই ওঠে না।’
আবদুল হামিদ অভিযোগ করেন, ‘মূলত ভরতপুর মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক এক সভাপতির সঙ্গে আমার পেশাগত দ্বন্দ্ব রয়েছে। তিনি এলাকার প্রভাবশালী। তিনি এসআই রবিউলকে টাকা দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছেন। আমার মতো অনেক নিরীহ মানুষকে অভিযোগপত্রে নাম দিয়ে পুলিশ ফাঁসিয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবির আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমি নতুন এসেছি। অভিযোগপত্রের ব্যাপারে কিছু জানি না।’