ইউএনও নেই মাস খানেক, ভোগান্তিতে মানুষ
প্রায় এক মাস হতে চলল, মাগুরার মহম্মদপুর উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্মস্থলে যোগ দেননি। এতে উপজেলা প্রশাসনের কাজে দেখা দিয়েছে স্থবিরতা, ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, মহম্মদপুর উপজেলার সাবেক ইউএনও মো. কামরুল হাসানকে যশোরের মনিরামপুর উপজেলায় বদলি করা হয়। গত ৪ আগস্ট তিনি মনিরামপুরে যোগদান করেছেন। আর নড়াইলের কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন হোসেনকে মহম্মদপুরে বদলি করা হয়। কিন্তু প্রায় এক মাস হতে চললেও শাহীন হোসেন মহম্মদপুরে যোগদান করেননি। এ কারণে মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ারুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব হিসেবে মহম্মদপুরের ইউএনওর দায়িত্ব পালন করছেন। সদর উপজেলা থেকে মহম্মদপুরে দূরত্ব প্রায় ২৭ কিলোমিটার। এ কারণে তিনি নিয়মিত মহম্মদপুরে যান না। এ কারণে কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের জরুরি ফাইলপত্র স্বাক্ষর করতে সদর উপজেলায় যেতে হয়।
এছাড়া মহম্মদপুরের সহকারী কমিশনারের (ভূমি) পদটিও প্রায় ১০ বছর ধরে শূন্য রয়েছে। এর সঙ্গে ইউএনও না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে।
মহম্মদপুরের দীঘা গ্রামের বাসিন্দা আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নামজারির অভাবে জরুরি কাজে জমি বিক্রি করতে পারছি না। নতুন ইউএনও স্যার নেই তাই কাজ হচ্ছে না।’
যোগাযোগ করা হলে মাগুরা জেলা প্রশাসক মু. মাহবুবর রহমান বলেন, ‘ইউএনও দেওয়ার দায়িত্ব সরকারের। আমার কিইবা করার আছে। তারপরও আমি নড়াইলের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। আশা করি আগামী চার-পাঁচ দিনের মধ্যে নতুন ইউএনও মহম্মদপুরে যোগদান করবেন।’