ইউএনও হাজির, বন্ধ বাল্যবিবাহ
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় স্কুলপড়ুয়া এক কিশোরীর (১৫) বাল্যবিবাহের আয়োজন চলছিল। খবর পেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আকস্মিকভাবে বিয়ের আয়োজনে গিয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিন। পরে কিশোরীর পরিবার ও পাত্রপক্ষের পরিবারের সঙ্গে কথা বলে বাল্যবিবাহটি বন্ধ করেন তিনি।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই কিশোরী বারহাট্টার একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তাঁর সঙ্গে তৌফিক খাঁ (২০) নামের এক তরুণের বিয়ের আয়োজন চলছিল। এমন খবর পেয়ে ইউএনও ফরিদা ইয়াসমিন ওই কিশোরীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের আকন্দকে নিয়ে হাজির হন। এ সময় উভয় পরিবারকে ডেকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে বিয়েটি বন্ধ করেন। একই সঙ্গে কিশোরীর লেখাপড়া চালিয়ে যেতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
ফরিদা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, ‘মেয়ে ও ছেলে উভয়ই অপ্রাপ্তবয়স্ক। তাঁদের পরিবার গোপনে বিয়ের আয়োজন করেছিল। বাল্যবিবাহের কুফল সম্পর্কে তাঁদের বুঝিয়ে বিয়েটি বন্ধ করা হয়েছে। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না বলে উভয় পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।’
ইউএনও ফরিদা বলেন, গত তিন মাসে বারহাট্টা উপজেলায় অন্তত নয়টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এর মধ্যে ঝরে পড়া দুই দরিদ্র মেয়ের বিয়ে বন্ধ করে তাদের লেখাপড়ার খরচ তিনি ব্যক্তিগতভাবে দিচ্ছেন। বর্তমানে ওই দুই মেয়ে পৃথক দুটি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ছে।