ইউএনও, ২ পুলিশের বিরুদ্ধে বিচারিক তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থানাহাজতে কলেজছাত্রকে গুলির হুমকির অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিকুর রহমান, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর হোসেন ও উপপরিদর্শক (এসআই) জাহিদের বিরুদ্ধে বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
কুষ্টিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম এম এম মোর্শেদ গতকাল বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন। আগামী ৩০ মের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য জ্যেষ্ঠ সহকারী জজ ফয়সাল আল মামুনকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের সূত্র জানায়, ১০ এপ্রিল প্রথম আলোয় ‘থানাহাজতে কলেজছাত্রকে এসআইয়ের হুমকি; প্রস্তুতি দিন, আপনাকে গুলি করা হবে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি দৌলতপুর থানার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম এম এম মোর্শেদের দৃষ্টি আকর্ষিত হয়। তিনি গতকাল সকালে আদালতে প্রতিবেদন পাঠ করে বিষয়টি আমলে নেন এবং স্বপ্রণোদিত হয়ে দৌলতপুরের ইউএনও, ওসি এবং থানার এসআই জাহিদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন।
ভুক্তভোগী ছাত্রের বরাত দিয়ে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, কুষ্টিয়া সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল মামুনকে থানায় নেওয়া হয়। রাতে থানাহাজতে এসআই জাহিদ মামুনকে গুলি করার হুমকি দেন। পরদিন ভ্রাম্যমাণ আদালতের হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয় তঁাকে। ইউএনও মামুনকে মাদক ‘সেবনের দায়ে’ এক হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।
আদালত সূত্রে জানায়, এসআই জাহিদ বেআইনিভাবে মামুনকে গ্রেপ্তার করে থানা হেফাজতে প্রাণনাশের হুমকি দিয়েছেন কি না, ওসি পরের দিন গাঁজা রাখার মিথ্যা অভিযোগে ইউএনও কার্যালয়ে হাজির করেন কি না, ইউএনওর সামনে কোনো অপরাধ সংঘটিত বা উদ্ঘাটিত না হওয়া সত্ত্বেও তিনি মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৬(১) ধারা লঙ্ঘন করে মামুনকে সাজা দিয়েছেন কি না, এই বিষয়গুলো তদন্ত করে বিচারিক হাকিম প্রতিবেদন দাখিল করবেন।