ইউএনওকে অপসারণের দাবিতে থানচিতে বিক্ষোভ
বান্দরবানের থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তাঁর পিয়নকে অপসারণের দাবিতে গতকাল বুধবার উপজেলা সদর ও বলীপাড়া ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ হয়েছে। ১৬ জুলাইয়ের মধ্যে তাঁদের অপসারণ করা না হলে ১৭ জুলাই থেকে সড়ক অবরোধ করা হবে বলে সমাবেশে ঘোষণা দেওয়া হয়। ইউএনওর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও নিরীহ মানুষের ওপর অত্যাচারের অভিযোগ এনে গত মঙ্গলবারও একই দাবিতে জেলা শহরে মানববন্ধন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা। ইউএনও শেখ আবু ছালেহ আহমদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, কতিপয় নেতা তাঁকে ব্যবহার করে স্বার্থ হাসিল করতে না পারায় এ কাজ করছেন। থানচি উপজেলা সদরে গতকাল আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি নূরুল কবীর। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মংশৈ ম্রাই মারমা, তাঁতী দলের জেলা সাধারণ সম্পাদক সাগ্যচিং মারমা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বপন কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক উবামং মারমা, বাজার কমিটির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন। বক্তারা বলেন, ইউএনও আবু ছালেহ থানচিতে আসার পর এমন কোনো ব্যবসা নেই, যেখান থেকে চাঁদাবাজি করেননি। আর এই চাঁদার টাকা সংগ্রহ করেন তাঁর পিয়ন।
বলীপাড়া বাজারে আয়োজিত অপর বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নীহার বিন্দু চাকমা। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মংথোয়াইম্যা মারমা ও উপজেলা ভাইস চেয়ারম্যান অলসন ত্রিপুরা। ইউএনও শেখ আবু ছালেহ বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠিকাদার মংথোয়াই ম্যা রনি মারমার নির্মাণাধীন দুটি ইউনিয়ন পরিষদ ভবনের নিম্নমানের কাজের বিলসহ নিম্নমানের কাজ করায় আরও বেশ কয়েকজন নেতার বিভিন্ন বিল তিনি আটকে দিয়েছেন। এ জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে সমাবেশ ও মানববন্ধন করা হচ্ছে। তিনি বলেন, তিনি বিবেকের কাছে পরিষ্কার হওয়ায় এসবের তোয়াক্কা করেন না।