ইউএনওকে অপসারণের দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত পালের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা। এর আগে ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ এনে মাসিক সভা বর্জন করেন তাঁরা।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে পূর্বনির্ধারিত মাসিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা কমিটির সভা বর্জন করেন সদর উপজেলার নয় ইউপি চেয়ারম্যান। সভা বর্জন করে তাঁরা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় ইউপি চেয়ারম্যানরা ইউএনওকে প্রত্যাহার না করা পর্যন্ত উপজেলা পরিষদের সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার ঘোষণা দেন।
চেয়ারম্যানদের অভিযোগ, ইউএনও টিআর, কাবিখা, বয়স্ক ও বিধবা ভাতার টাকা যথাসময়ে দেন না। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার দীর্ঘদিন পরও অর্থ বরাদ্দ করা হয় না। এ জন্য উৎকোচ দাবি করেন তিনি। এ ছাড়া বিভিন্ন কাজে অসহযোগিতা করাসহ নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে অসদাচরণ ও দুর্ব্যবহার করেন বলেও চেয়ারম্যানরা অভিযোগ করেন। তাই বাধ্য হয়েই তাঁরা এই কর্মসূচি গ্রহণ করেছেন বলে জানান।
সুব্রত পাল তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাই বলেন, নয় ইউপি চেয়ারম্যান নির্ধারিত মাসিক সভা বর্জন করেছেন। তদন্ত না করে এ ব্যাপারে কোনো মন্তব্য করা ঠিক হবে না।