বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করার মামলায় বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমানকে গতকাল বুধবার কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার দুই ঘণ্টা পর জামিনে মুক্তি দিয়েছেন আদালত। বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. আলী হোসাইন উভয় আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, গাজী তারিক সালমান বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ইউএনওর দায়িত্বে থাকার সময় গত বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের একটি আমন্ত্রণপত্র প্রকাশ করেন। এই আমন্ত্রণপত্রের পেছনের পাতায় বঙ্গবন্ধুর বিকৃত ছবি ছাপা হয়। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবায়েদুল্লাহ সাজু গত ৭ জুন বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করেন। মামলাটি আমলে নিয়ে মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক ২৭ জুলাইয়ের মধ্যে তারিক সালমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেন। গত জুনে তারিক সালমানকে বরগুনা সদর উপজেলার ইউএনও পদে বদলি করা হয়। মানহানির ওই মামলায় গতকাল বেলা ১১টায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তারিক সালমান। বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর বেলা দেড়টার দিকে পুনর্বিবেচনার আবেদন করলে আদালত ২৩ জুলাই মামলার ধার্য তারিখ পর্যন্ত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
মুখ্য মহানগর হাকিম আদালতের বেঞ্চ সহকারী শাখাওয়াত হোসেন বলেন, আসামিপক্ষের আইনজীবী শুনানির সময় বক্তব্যের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি উপস্থাপন করতে পারেননি। এ কারণে কিছু সময়ের জন্য আদালত তারিক সালমানের জামিন নামঞ্জুর করেন। পরে উপযুক্ত প্রমাণাদি উপস্থাপন করায় আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।
তারিক সালমানের আইনজীবী মো. মোকলেছুর রহমান বলেন, বেলা ১১টায় আদালত দাখিল করা প্রমাণপত্রের মূল কপি দেখতে চান। ওই কপি না থাকায় আদালত প্রথম আদেশটি দেন। পরে মূল কাগজপত্রসহ জামিনের জন্য পুনরায় আবেদন করলে আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। বেলা ১১টা থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আদালতের হেফাজতে ছিলেন তারিক সালমান।